রাজধানীর মিরপুর-১ নম্বরে মধ্যরাতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেয়ার ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি সাজ্জাদ হোসেন মিশু মোল্লা (৩৬) কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আলোচিত এই ঘটনায় এ নিয়ে মোট ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সাজ্জাদ হোসেন মিশু মোল্লা শাহ আলী থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা কমিটির সদস্য এবং বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।
মিরপুর গোয়েন্দা-মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খান বলেন, রাড্ডা ভাঙচুরের ঘটনার সঙ্গে সম্পৃক্ত সাজ্জাদ হোসেন মিশু মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে।
তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, গত ২৫শে সেপ্টেম্বর রাতে মিরপুর-১ এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে দুই শতাধিক ব্যক্তি হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। পরে এস্কেভেটর দিয়ে স্বাস্থ্যকেন্দ্রের একাধিক স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে শাহ আলী থানার তৎকালীন ওসি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিও বৃহস্পতিবার (১লা অক্টোবর) পদত্যাগ করেছেন।
