দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দু’জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬০৮ জন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ২৪৯ জনের মৃত্যু হলো।
এর মধ্যে সেপ্টেম্বরেই মারা গেছে ১৪৮ জন। এ ছাড়া আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দু’জন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৬০৮ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ হাজার ৩৬৯ জনে। নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১৭১ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ২২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া ঢাকা বিভাগে (সিটি করপোরেশন বাদে) ১৩১ জন, চট্টগ্রাম বিভাগে ৩১৯ জন, খুলনা বিভাগে ২৭৬ জন, রাজশাহী বিভাগে ১৩২ জন, বরিশাল বিভাগে ২১৫ জন, ময়মনসিংহ বিভাগে ৭৯ জন এবং রংপুর বিভাগে ৬২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ১ হাজার ৬২১ জন।
