সেমিফাইনালে পাকিস্তানের কাছে হারের পর ব্রোঞ্জের লড়াইয়ে শ্রীলঙ্কার কাছেও হার বাংলাদেশের। প্রতিপক্ষের দ্বিতীয় সারির দলের বিপক্ষে ৬৩ রানে হেরে পদকবিহীন অবস্থাতেই দেশে ফিরতে হচ্ছে লিটন দাসদের। এই হারের পর এশিয়ান গেমসের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে জাতির কাছে দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন। জাপানে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা আসলে খুবই লজ্জিত। কোচ হিসেবে মনে করি আমরা ব্যর্থ হয়েছি। জাতির কাছে যে প্রত্যাশার কথা জানিয়েছিলাম, আমরা সেটার কিছুই করতে পারিনি। খুবই হতাশাজনক। আমরা লজ্জিত এবং পুরো জাতির কাছে ক্ষমাপ্রার্থী।’
টস হেরে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশ শুরুতে সুবিধাজনক অবস্থানেই ছিল। ১০ ওভারে শ্রীলঙ্কা ৪ উইকেটে তুলেছিল মাত্র ৫১ রান। কিন্তু শেষ ১০ ওভারে বোলারদের এলোমেলো বোলিংয়ে ১৬৫ রান তুলে ফেলে তারা। সালাউদ্দিন বলেন, ‘আজকে যে উইকেটটা ছিল, বোলাররা কয়েকটা ওভার খুবই খারাপ বল করেছে। বিশেষত মূল বোলার যারা আছে, যারা টি-টোয়েন্টি স্পেশালিস্ট, তারাই হয়তো বেশি রান দিয়ে দিয়েছে। আর ব্যাটিংয়ে আমাদের পাওয়ার প্লেতে বেশি উইকেট পড়ে যাওয়াতে ওখান থেকে আসলে ম্যাচটা জেতা সম্ভব ছিল না।’
১৬৬ রানের লক্ষ্যে নেমে টপ অর্ডারের তিন ব্যাটসম্যান তানজিদ হাসান, সাইফ হাসান ও লিটন দাস ফেরেন শূন্য রানে। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি দল। ৯ নম্বরে নামা নাসুম আহমেদের ২৬ রানে ভর করে কোনোমতে শতরান পার করে বাংলাদেশ, গুটিয়ে যায় মাত্র ১০২ রানে।
হতাশার এই ফলের মধ্যেও সংবাদ সম্মেলনে দলের ক্রিকেটারদের আগলে রাখেন অধিনায়ক লিটন দাস। তিনি বলেন, ‘আমি সব সময় বলব, তারা দেশের জন্য লড়াই করে। তারা ব্যর্থ হয়েছে, সেটা নিয়ে আমরা অবশ্যই লজ্জিত এবং আমরা আসলে এটা কীভাবে পার করা যায়, সেই চেষ্টা করব। সত্যি বলতে আমরা পুরো দল হিসেবে ভালো পারফর্ম করিনি।’
শ্রীলঙ্কার কাছে হেরে জাতির কাছে ক্ষমা চাইলেন সালাউদ্দিন
স্পোর্টস ডেস্ক
খেলা
১ ঘন্টা আগে
৩ অক্টোবর (শনিবার), ২০২৬, ৩ঃ৪৬ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
