এশিয়ান গেমস ক্রিকেটে মাঠের ব্যর্থতার ক্ষত এখনো দগদগে। তার মধ্যেই নতুন বিতর্কে জড়ালেন বাংলাদেশ দলের তিন ক্রিকেটার। টিম ম্যানেজমেন্টের অনুমতি না নিয়ে অন্য শহরে ঘুরতে যাওয়ায় সাইফ হাসান, তাওহিদ হৃদয় ও রিশাদ হোসেনকে আর্থিক জরিমানা করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে প্রথম ম্যাচে চীনের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলার কথা ছিল বাংলাদেশের। বৃষ্টিতে সেই ম্যাচ পণ্ড হলেও র্যাংকিংয়ের সুবাদে সরাসরি সেমিফাইনালে জায়গা পায় লিটন দাসের দল। তবে এরপরই শুরু হয় ছন্দপতন। পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে বাজেভাবে হেরে পদকের দৌড় থেকেই ছিটকে যায় বাংলাদেশ।
ব্রোঞ্জের লড়াইয়েও হতাশা পিছু ছাড়েনি। প্রায় দ্বিতীয় সারির শ্রীলঙ্কা দলের বিপক্ষে পূর্ণশক্তির বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ১০২ রানে, হারে ৬৩ রানের বড় ব্যবধানে। সেই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থদের তালিকায় ছিলেন সাইফ হাসান ও তাওহিদ হৃদয়ও। মাঠের এই ব্যর্থতা ছাপিয়ে এখন ভিন্ন কারণে আলোচনায় এই দুজন, সঙ্গে রিশাদ হোসেনও। অভিযোগ, টিম ম্যানেজমেন্টের কোনো অনুমতি না নিয়েই এক শহর থেকে অন্য শহরে ভ্রমণ করেন তিন ক্রিকেটার। যা দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল বলে গণ্য হয়েছে। বিসিবির একটি বিশ্বস্ত সূত্র থেকে জানা যায়, শৃঙ্খলা ভঙ্গের দায়ে তিন ক্রিকেটারকেই আর্থিক জরিমানা করা হচ্ছে। প্রত্যেকের ১ থেকে ২ লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে । বিষয়টি ইতিমধ্যে সংশ্লিষ্ট তিন ক্রিকেটারকে জানিয়েও দেয়া হয়েছে।
এশিয়ান গেমস ক্রিকেট
অনুমতি ছাড়া ঘুরতে গিয়ে জরিমানার মুখে তিন ক্রিকেটার
স্পোর্টস ডেস্ক
খেলা
১ ঘন্টা আগে
৩ অক্টোবর (শনিবার), ২০২৬, ৩ঃ৩৭ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
