বিমানবন্দর থানার মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার দুপুরে তাকে আদালতে তোলা হলে পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে তোলার আগে প্রিজন ভ্যান থেকে উপস্থিত সাংবাদিকদের সামনে ক্ষোভ প্রকাশ করেন মেজর (অব.) আখতারুজ্জামান। তিনি বলেন, ‘আমার মুক্তিযুদ্ধ করে পাওয়া দেশে আমার হাতে হাতকড়া ও হেলমেট পরানো হয়েছে।’
এ সময় প্রিজন ভ্যানের ভেতরে থাকা একজন পুলিশ সদস্যকে আঙুল তুলে শাসাতে দেখা যায় তাকে। পরে প্রিজন ভ্যান থেকে নামার সময় মাথায় থাকা হেলমেট ছুড়ে ফেলে দিয়ে তিনি বলেন, ‘আমি আওয়ামী লীগ নই, হেলমেট পরব না।’
আদালতে শুনানির সময়ও নিজের বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে কথা বলেন আখতারুজ্জামান।
মামলাটিকে ষড়যন্ত্র দাবি করে তিনি বলেন, ‘এটা ষড়যন্ত্র, মামলা থানায় রুজুর আগেই ডিবি পুলিশ আমার বাসায় হাজির।’
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে হুমকি এবং নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হন আখতারুজ্জামান। শুক্রবার রাত সোয়া ৭টার দিকে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
