সাতক্ষীরায় মারামারি থামাতে গিয়ে ছুরিকাঘাতে তরুণ নিহত

ফন্ট সাইজ:

সাতক্ষীরা শহরের পশু হাসপাতাল মোড়ে মারামারি থামাতে গিয়ে ছুরিকাঘাতে মো. জাকারিয়া খান (১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জাকারিয়া খান শহরের ঐতিহ্যবাহী রুচিরা বেকারির মালিক আলহাজ আব্দুর গফুর খানের ছেলে। তিনি সাতক্ষীরা পৌর বিএনপি নেতা মাছুম বিল্লাহ শাহীনের মামাতো ভাই।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে পশু হাসপাতাল মোড়ে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন জাকারিয়া। এ সময় চায়ের দোকানদারের সঙ্গে কয়েকজনের কথা-কাটাকাটি হচ্ছিল। একপর্যায়ে পরিস্থিতি খারাপ দেখে দোকানদারকে রক্ষা করতে এবং মারামারি থামাতে এগিয়ে যান জাকারিয়া। এতে ক্ষিপ্ত হয়ে তাদের একজন জাকারিয়ার বুকের বাম পাশে ধারালো ছুরি দিয়ে আঘাত করে।
রক্তাক্ত অবস্থায় জাকারিয়া মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় দোকানদার ও পথচারীরা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত জাকারিয়ার চাচাতো ভাই মাছুম বিল্লাহ শাহীন বলেন, চায়ের দোকানে কথা-কাটাকাটি থামাতে গিয়ে জাকারিয়া ছুরিকাঘাতের শিকার হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। ইতোমধ্যে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।