বক্স অফিসে বড় সাফল্য না পেলেও অস্কারে ভারতের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে মারাঠি সিনেমা ‘গোনধল’। ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে ভারতের আনুষ্ঠানিক মনোনয়ন পেয়েছে সন্তোষ দাভখরের পরিচালিত সিনেমাটি। গত ১৮ সেপ্টেম্বর ভারতের ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়া ৩৩টি সিনেমার মধ্য থেকে ‘গোনধল’-কে নির্বাচিত করে। প্রতিযোগিতায় হিন্দি, মারাঠি, তেলুগু, গুজরাটি, তামিল, মালয়ালম ও নাগামিজ ভাষার সিনেমা ছিল।
তারকাখচিত বড় বাজেটের ছবিকে পেছনে ফেলে আঞ্চলিক সংস্কৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত সিনেমাটিকেই বেছে নেয় ১৪ সদস্যের জুরি। ‘গোনধল’-এর গল্পের পটভূমি গ্রামীণ মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী লোকজ আচার। দেবতার উদ্দেশ্যে নিবেদিত এই আয়োজনে থাকে সংগীত, নৃত্য, দেব-বন্দনা ও নানা ধর্মীয় আচার। সেই আবহকে কেন্দ্র করে নির্মাতা তুলে ধরেছেন মানুষের সম্পর্ক, আকাঙ্ক্ষা, গোপন সত্য, প্রতারণা ও টিকে থাকার লড়াই। মনস্তাত্ত্বিক থ্রিলারের আঙ্গিকে এগিয়ে যাওয়া গল্পে সুমন নামের এক অসুখী বিবাহিত নারীকে ঘিরে তৈরি হয় নানা জটিলতা।
২০২৫ সালের ১৪ নভেম্বর ভারতে মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশিত সাড়া পায়নি। তবে চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়ায় এটি। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অব ইন্ডিয়ায় সন্তোষ দাভখর সেরা পরিচালকের ‘সিলভার পিকক’ পুরস্কার পান। বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও ‘গোনধল’ পায় ফিপ্রেসকি পুরস্কার। পুণে ও থার্ড আই এশিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও পরিচালক পান সেরা পরিচালকের স্বীকৃতি। ‘গোনধল’ ভারতের অস্কার প্রতিনিধি হওয়া চতুর্থ মারাঠি সিনেমা।
এর আগে ‘শ্বাস’, ‘হারিশচন্দ্রাচি ফ্যাক্টরি’ ও ‘কোর্ট’ এই স্বীকৃতি পেয়েছে। আগামী ৯ অক্টোবর থেকে ভারতের বিভিন্ন শহরে সিনেমাটির বিশেষ প্রদর্শনী শুরু হবে। ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ১৪ মার্চ। চূড়ান্ত মনোনয়ন নিশ্চিত করতে এখন অ্যাকাডেমির পরবর্তী বাছাইপর্ব পেরোতে হবে সিনেমাটিকে। ২১ জানুয়ারি ঘোষণা হবে অস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকা। এরপরই জানা যাবে ভারতের আঞ্চলিক সিনেমাটি বিশ্বমঞ্চে কতটা এগোতে পারে।
