কুমিল্লার ১৮টি থানার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় ৩৬৩ জনকে আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, কিশোর গ্যাংবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে এমন স্থানগুলোকে অভিযানের আওতায় নেয়া হয়। জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযানে অংশ নেয়। এদিকে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় কোতোয়ালি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে, রতন গ্রুপের প্রধান ‘রতন’ সহ মোট ৫৯ জনকে আটক করা হয়েছে।
অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন। পুলিশ আরও জানায়, আটককৃতদের বিরুদ্ধে অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে। কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও পুলিশ সতর্ক রয়েছে।
জেলা পুলিশ পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ঠেকাতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান চালানো হচ্ছে। কিশোর অপরাধ নিয়ন্ত্রণে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
