কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের মালিকানাধীন চারটি অবৈধ মদের গুদাম সিলগালা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) যৌথ অভিযানে গুদামগুলো সিলগালা করা হয়। গতকাল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে শুক্রবার ভোর সাড়ে ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। ডিপ্লোমেটিক ওয়্যারহাউজ ‘টস বন্ড’ বিদেশি কূটনীতিকদের শুল্কমুক্ত অ্যালকোহল সরবরাহ করে থাকে। টস বন্ডের বিরুদ্ধে শুল্কমুক্ত পণ্য খোলাবাজারে বিক্রির অভিযোগ আসায় তা নিয়ে কয়েক মাস ধরেই অনুসন্ধান চলছিল।
এনবিআর জানায়, প্রাথমিকভাবে গুরুতর অসঙ্গতি পাওয়ায় অধিকতর যাচাইয়ের জন্য ওয়্যার হাউজগুলো সিলগালা করা হয়েছে। প্রতিষ্ঠানটির অনুমোদিত বা ঘোষিত গুদামের সংখ্যা দু’টি। কিন্তু অভিযানে দেখা গেছে, সেখানে মোট ৪টি গুদামে পণ্য মজুত রেখেছে। বন্ড সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত পণ্য অননুমোদিত গুদামে স্থানান্তর বা অপসারণ রোধ এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রতিষ্ঠানটির চারটি গুদামই সিলগালা করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৬শে সেপ্টেম্বর রাতে রাজধানীর দক্ষিণ মানিকদীতে নিউগিনি আবাসন প্রকল্পের বিভিন্ন স্থাপনায় হামলা ও ভাঙচুর চালানো হয়। সেখানে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়। হামলার ঘটনায় নিউগিনি প্রোপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া মামলা করেন। মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনকে আসামি করা হয়। এছাড়াও অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়। মামলায় এখন পর্যন্ত গোলাম মহিউদ্দিন চৌধুরী ও কুষ্টিয়া-২ আসনের জামায়াতে ইসলামীর এমপি আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
