দ্বি তীয় বিশ্বযুদ্ধ মানবসভ্যতার ইতিহাসে শুধু একটি যুদ্ধের নাম নয়; এটি মানুষের ওপর মানুষের নির্মমতার এক বিভীষিকাময় অধ্যায়। আগুন, ধ্বংস, গুলির শব্দ, উদ্বাস্তু মানুষের দীর্ঘশ্বাস, মৃত্যুর মিছিল—আর কোথাও কোথাও পোড়া লাশের গন্ধে ভারী হয়ে থাকা এক অসহনীয় সময়। সেই অন্ধকার সময়েরই এক কিশোরী কণ্ঠ—অ্যানা ফ্রাঙ্ক।
অ্যানা ফ্রাঙ্কের ডায়েরি তাই নিছক একটি কিশোরীর ব্যক্তিগত দিনলিপি নয়; এটি যুদ্ধ, নিপীড়ন ও মানবিক বিপর্যয়ের এক অনন্য মানবিক দলিল। সেই ইতিহাসকে মঞ্চে জীবন্ত করে তুলেছে ম্যাড থিয়েটারের প্রযোজনা ‘অ্যানা ফ্রাঙ্ক’। বিশিষ্ট লেখক-কবি আসাদুল ইসলামের রচনায় ও কাজী আনিসুল হক বরুণের পরিচালনায় নির্মিত এই নাটক দেখা আমার কাছে শুধু একটি নাটক দেখার অভিজ্ঞতা হয়ে থাকেনি; বরং ইতিহাসের একটি ভয়ংকর অধ্যায়ের সামনে দাঁড়িয়ে থাকার অভিজ্ঞতা হয়ে উঠেছে।
অ্যানা ছিল কিশোরী। অথচ তাকে বাঁচতে হয়েছে এমন এক পৃথিবীতে, যেখানে পরিচয়ই হয়ে উঠেছিল মৃত্যুর কারণ। যুদ্ধের আতঙ্ক থেকে বাঁচতে পরিবারের সঙ্গে তাকে আশ্রয় নিতে হয়েছিল গোপন কুঠুরিতে। চার দেয়ালের সেই বন্দিজীবনেও তার পৃথিবী থেমে থাকেনি। ভয়, অনিশ্চয়তা, একাকিত্ব ও মৃত্যুর আশঙ্কার মধ্যেও সে স্বপ্ন দেখেছে, ভালোবাসতে চেয়েছে, ভবিষ্যতের কথা ভেবেছে। এই জায়গাতেই অ্যানা ফ্রাঙ্কের কাহিনি ইতিহাসকে অতিক্রম করে মানবতার কাহিনিতে পরিণত হয়।
নাটকটির বড় চ্যালেঞ্জ, একই সঙ্গে তার প্রধান শক্তি—একক অভিনয়। দেড় ঘণ্টা ধরে বিরতিহীন ও নিরবচ্ছিন্নভাবে একাই মঞ্চকে ধারণ করা নিঃসন্দেহে কঠিন এক অভিনয়-পরীক্ষা। এখানে সংলাপের পাশাপাশি শরীরের ভাষা, কণ্ঠের ওঠানামা, চোখের দৃষ্টি, নীরবতার অভিঘাত এবং আবেগের সূক্ষ্ম প্রকাশ—সবকিছুকেই হয়ে উঠতে হয় চরিত্র নির্মাণের উপাদান। আর্য মেঘদূত সেই কঠিন পরীক্ষায় তার অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন। তার অভিনয়ে অ্যানা ফ্রাঙ্কের ভয়, নিঃসঙ্গতা, স্বপ্ন, আকুলতা ও বেঁচে থাকার অদম্য আকাঙ্ক্ষা ধীরে ধীরে মঞ্চের বাস্তবতায় রূপ নিয়েছে। একসময় মনে হয়, আমরা কোনো অভিনেতাকে চরিত্রের অভিনয় করতে দেখছি না; বরং ইতিহাসের সেই কিশোরী অ্যানাই যেন আমাদের সামনে দাঁড়িয়ে তার সময়ের কথা বলে যাচ্ছে।
নাটক শেষে মঞ্চে আমাকে আমন্ত্রণ জানানো হলে আর্য মেঘদূতকে এই কঠিন একক অভিনয়ের সাহসী স্পর্ধার জন্য অভিনন্দন জানিয়েছিলাম। কারণ একাই একটি চরিত্রের ভেতর দিয়ে একটি সময়, একটি ইতিহাস এবং তার গভীর মানবিক বেদনা ধারণ করার এই প্রয়াস নিঃসন্দেহে অভিনয়শিল্পীর জন্য এক বড় চ্যালেঞ্জ। তার সেই শিল্প-সাহস আমাকে বিশেষভাবে স্পর্শ করেছে।
অভিনয়ের মধ্যদিয়ে ইতিহাসকে যেন জীবন দেয়া হয়েছে। দর্শক তখন আর দূর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস দেখেন না; বরং একটি কিশোরীর চোখ দিয়ে সেই ইতিহাসের ভয়, অনিশ্চয়তা, নিঃসঙ্গতা ও স্বপ্নকে অনুভব করেন। এটাই নাটকের বড় সাফল্য।
এর সঙ্গে আবহসংগীত ও আলোক পরিকল্পনা নাটকের আবেগ ও পরিবেশ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আলো, শব্দ, নীরবতা ও অভিনয়ের সমন্বয়ে মঞ্চের দৃশ্যমান পরিসর ছাড়িয়ে দর্শকের কল্পনায় তৈরি হয়েছে যুদ্ধবিধ্বস্ত এক পৃথিবী। কোথাও আলো আতঙ্ককে ঘনীভূত করেছে, কোথাও নীরবতা হয়ে উঠেছে বেদনার ভাষা।
নাটকটি দেখতে দেখতে বারবার মনে হয়েছে—ইতিহাস আমরা পড়ি, কিন্তু শিল্প কখনো কখনো সেই ইতিহাসের সাক্ষী করে তোলে। ‘অ্যানা ফ্রাঙ্ক’ সেই সাক্ষী হওয়ার অভিজ্ঞতাই তৈরি করেছে।
অ্যানা ফ্রাঙ্কের কাহিনির সবচেয়ে গভীর শক্তি তার মানবিকতায়। যুদ্ধের পেছনে রাষ্ট্র, ক্ষমতা, মতাদর্শ ও রাজনৈতিক সিদ্ধান্ত থাকতে পারে; কিন্তু যুদ্ধের সবচেয়ে নির্মম অভিঘাত এসে পড়ে মানুষের জীবনে। শিশুর শৈশব হারায়, পরিবারের বিচ্ছেদ ঘটে, স্বপ্ন থেমে যায়, মানুষ তার সবচেয়ে মৌলিক অধিকার— বেঁচে থাকার অধিকার থেকে বঞ্চিত হয়।
সেই কারণে যুদ্ধবিরোধী ও মানবতাবাদী বার্তার দিক থেকে ‘অ্যানা ফ্রাঙ্ক’ আজও গভীরভাবে প্রাসঙ্গিক। বরং বাংলাদেশের বর্তমান সামাজিক বাস্তবতায়—হত্যা, ধর্ষণ, নিপীড়ন, নির্যাতন, সহিংসতা, অসহিষ্ণুতা ও অস্থিরতার যে উদ্বেগজনক চিত্র আমাদের সামনে প্রতিনিয়ত হাজির হচ্ছে—এই ধরনের নাটকের প্রয়োজন আরও গভীর ও তীব্র। সহিংসতার বিরুদ্ধে শুধু আইন বা শাস্তিই যথেষ্ট নয়; প্রয়োজন মানুষের বিবেক, মূল্যবোধ ও মানবিক বোধের জাগরণ। শিল্প ও নাটক সেই কাজটি মানুষের হৃদয়ের ভেতর থেকে করতে পারে। নাটক শুধু বিনোদন দেয় না; মানুষের বিবেককে প্রশ্ন করে, ইতিহাসের মুখোমুখি দাঁড় করায়, অন্যের বেদনা অনুভব করতে শেখায়।
আমাদের সময়ে পৃথিবীর নানা প্রান্তে যখন যুদ্ধ, সংঘাত, সহিংসতা, ঘৃণা ও বিভাজনের খবর প্রতিদিন আমাদের দরজায় এসে কড়া নাড়ে, তখন অ্যানা ফ্রাঙ্কের গল্প আমাদের বুকের ভেতর এক গভীর প্রশ্ন জাগায়—যুদ্ধের হিসাব কি শুধু নিহত মানুষের সংখ্যা দিয়ে হয়? প্রতিটি সংখ্যার পেছনে তো একজন মানুষ থাকে; থাকে তার একটি মুখ, একটি পরিবার, কিছু স্বপ্ন, কিছু ভালোবাসা, কিছু অসমাপ্ত কথা। একটি মৃত্যু শুধু একটি প্রাণের নিভে যাওয়া নয়—তার সঙ্গে নিভে যায় একটি পরিবারের আলো, থেমে যায় কতো স্বপ্ন, কতো সম্ভাবনা, কতো ভালোবাসার গল্প। একটি ঘর ধ্বংস হলে শুধু ইট-পাথর ভাঙে না; ভেঙে যায় মানুষের নিরাপত্তাবোধ, শৈশবের স্মৃতি, ভবিষ্যতের স্বপ্ন।
অ্যানা ফ্রাঙ্কের কাহিনি তাই আমাদের মনে করিয়ে দেয়—যুদ্ধের সবচেয়ে বড় ক্ষত মানচিত্রে দেখা যায় না; তা রক্তাক্ত হয়ে থেকে যায় মানুষের হৃদয়ে।
তাই ম্যাড থিয়েটারের ‘অ্যানা ফ্রাঙ্ক’ আমার কাছে শুধু একটি নাট্যপ্রযোজনা নয়; এটি ইতিহাসের এক অন্ধকার অধ্যায়কে স্মরণ করার এবং সেই ইতিহাসের ভেতর থেকে মানবতার পক্ষে দাঁড়ানোর এক শক্তিশালী শিল্পভাষা। এটি আমাদের মনে করিয়ে দেয়— যেকোনো নিপীড়ন, সহিংসতা ও অমানবিকতার বিরুদ্ধে মানুষের বিবেকই শেষ আশ্রয়। দেড় ঘণ্টার একক অভিনয় শেষ হয়। আলো নিভে যায়। মঞ্চ শূন্য হয়ে যায়। কিন্তু অ্যানা ফ্রাঙ্ক যেন তখনো দর্শকের ভেতরে কথা বলতে থাকে। সেই অনুভূতিকে মঞ্চে জীবন্ত করে তুলতে লাইট ডিজাইনে নাসিরুল হক খোকন, সেট ডিজাইনে অনন্তি হোসেন, কস্টিউমে সোনিয়া হাসান এবং সাউন্ডে খুরশীদ হোসেনের অবদান অনিবার্যভাবে স্মরণ করতে হয়। তাদের সম্মিলিত শিল্প প্রয়াসেই মঞ্চের আলো, দৃশ্য, অভিনয় ও আবেগ একাকার হয়ে অ্যানা ফ্রাঙ্কের ইতিহাসকে দর্শকের অনুভূতির কাছে পৌঁছে দিয়েছে।
অ্যানা ফ্রাঙ্ক তাই শুধু ইতিহাসের একটি নাম নয়; অমানবিকতার অন্ধকারে মানবতার পক্ষে জ্বলে থাকা একটি ছোট্ট অথচ অনির্বাণ আলো।
মঞ্চের আলো নিভে গেলেও মানবতার সেই আলো যেন নিভে না যায়—এই প্রত্যাশা নিয়েই ম্যাড থিয়েটারের আগামী দিনের আরও মানবিক ও সাহসী নাট্যপ্রয়াসের অপেক্ষায় থাকবো।
লেখক: গীতিকবি ও রাজনৈতিক বিশ্লেষক। [email protected]
