রোনালদোর জাতীয় দলের ক্যাম্প ছাড়ার নেপথ্যে ‘বিশ্বাসঘাতকতা’

রোনালদোর জাতীয় দলের ক্যাম্প ছাড়ার নেপথ্যে ‘বিশ্বাসঘাতকতা’

ফন্ট সাইজ:

ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিয়ে সম্প্রতি পর্তুগাল জাতীয় দলের শিবির ছেড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ডেনমার্কের বিপক্ষে উয়েফা নেশনস লীগের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই আকস্মিক পদত্যাগে তোলপাড় শুরু হয়েছে ইউরোপিয়ান ফুটবলে। যদিও কিংবদন্তিকে ছাড়াই ৪-২ গোলের সহজ জয় তুলে নেয় পর্তুগিজরা। কোচের সঙ্গে সিআরসেভেনের নানা দ্বন্দ্বের গুঞ্জনের মধ্যেই মুখ খুলেছেন রোনালদোর ঘনিষ্ট বন্ধু ও স্প্যানিশ সাংবাদিক এদু আগুইরে। জনপ্রিয় স্প্যানিশ টিভি টক শো ‘এল চিরিঙ্গুইতো’ অনুষ্ঠানে তিনি ফাঁস করেছেন এই নাটকীয় ঘটনার আসল কারণ।

আগুইরের দাবি, কোচ জর্জ জেসুসের দ্বিমুখী আচরণেই মূলত ক্ষুব্ধ হয়ে ক্যাম্প ছাড়েন রোনালদো। ঘটনার সূত্রপাত একটি প্রস্তুতি ম্যাচ নিয়ে, যেখানে টানা ৩০ মিনিট ওয়ার্ম-আপ করানোর পরও রোনালদোকে মাঠে নামাননি কোচ। ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রয়েঙ্কার উপস্থিতির এক বৈঠকে নিজের ভুল স্বীকার করে সিআরসেভেনের কাছে ক্ষমা চান জেসুস।

কোচের দেয়া প্রতিশ্রুতির কথা জানিয়ে আগুইরে বলেন, ‘কোচ ক্রিস্টিয়ানোকে ব্যক্তিগতভাবে জানান যে তিনি ভুল করেছেন এবং সংবাদ সম্মেলনে সবার সামনে ক্ষমা চেয়ে বিষয়টি পরিষ্কার করবেন। কিন্তু পরবর্তীতে সংবাদ সম্মেলনে এসে তিনি সম্পূর্ণ ভিন্ন রূপ ধারণ করেন।’
জনসম্মুখে কোচের বক্তব্য ছিল সম্পূর্ণ উল্টো। জেসুস বুক ফুলিয়ে বলে দেন, ‘আমি যা খুশি তাই প্রতিশ্রুতি দিতে পারি। খেলোয়াড়কে বলেছি সে খেলবে না কি খেলবে না, সেটি সম্পূর্ণ আমার সিদ্ধান্ত। কোনো খেলোয়াড় আমার সিদ্ধান্ত বদলাতে পারবে না, সে ক্রিস্টিয়ানো হোক কিংবা অন্য কেউ।’

আগুইরের দাবি, কোচের এই আচরণকে ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবেই নিয়েছেন রোনালদো। ব্যক্তিগত প্রতিশ্রুতি ভেঙে তাকে জনসমক্ষে ছোট করার চেষ্টা করায় রোনালদো মানসিকভাবে ভেঙে পড়েন এবং দল ছাড়ার কঠিন সিদ্ধান্ত নেন তিনি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বার্তার মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেছেন খোদ রোনালদো। ভক্তদের উদ্দেশ্যে তিনি লেখেন, ‘উপযুক্ত সময়ে আমি পর্তুগালের সমস্ত মানুষের কাছে জাতীয় দলের ক্যাম্প ছাড়ার পেছনের আসল সত্যটি তুলে ধরবো, যার জন্য আমি সবসময় নিবেদিতপ্রাণ ছিলাম।’