কক্সবাজারের উখিয়া সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে এক যুবকের দুই পা ক্ষতবিক্ষত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে উখিয়ার পালংখালী সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যের অভ্যন্তরে সীমান্তের শূন্যরেখায় এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম হামিদ হোসেন (৩২)। তিনি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরের সি-২৭ ব্লকের বাসিন্দা কামাল হোসেনের ছেলে। তাকে আহত অবস্থায় বাংলাদেশে নিয়ে আসেন স্থানীয় জেলেরা।
বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সীমান্তের শূন্যরেখা থেকে আনুমানিক ২০০/২৫০ গজ পশ্চিমে মিয়ানমারের ভূখণ্ডে হঠাৎ বিকট শব্দে একটি স্থলমাইন বিস্ফোরিত হয়। পরে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পাওয়া যায়, বিস্ফোরণে এক যুবক আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে প্রথমে উখিয়ার কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে পাঠানো হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে কক্সবাজার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
