রাজধানীর মিরপুর ১ এ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মিত আবাসন প্রকল্পের একটি ভবনের লিফট ছিঁড়ে ৩ জন গুরুতর আহত হয়েছেন। তাদের আগারগাঁওয়ের পঙ্গু জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূর্নবাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) নেয়া হয়েছে।
আহতরা হলেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক কর্মচারী মোস্তাফিজুর রহমান (৬২), নাইস আহমেদ (৪০) ও তার ছেলে মো. ওয়াসি (৮)। তাদের মধ্যে নাইস আহদের দুটি পা ভেঙে গেছে বলে জানিয়েছেন পঙ্গু হাসপাতালের চিকিৎসক।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজের পর ভবনের ৫ তলার তিন বাসিন্দা লিফটে উঠেন। কিচ্ছুক্ষণ পর বিকট শব্দে লিফটটি ছিঁড়ে পড়ে। শব্দ শুনে দারোয়ান সেখানে গিয়ে লিফটের ভেতরে চিৎকার শুনতে পান। পরে আশপাশের কয়েকজন এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নেন।
