‘জীবনের প্রাপ্তি - অপ্রাপ্তি নিয়ে কোনো হিসাব-নিকাশ করার প্রয়োজন বোধ করি না’—জন্মদিনে এমন কথাই বললেন নগরবাউল জেমস। আজ তার জন্মদিন। এ উপলক্ষে গতকাল রাজধানীর পূর্বাচল ক্লাবে কয়েকজন সাংবাদিকের সঙ্গে আড্ডায় নিজের সংগীতজীবন, নতুন গান, বর্তমান সংগীতাঙ্গন ও তরুণ শিল্পীদের নিয়ে কথা বলেন তিনি। জন্মদিন ঘটা করে উদ্যাপনের কোনো পরিকল্পনা থাকে না জেমসের। তবে ভক্তরা দিনটি নিজেদের মতো করে উদযাপন করেন, সেটি দেখতে ভালো লাগে তার। জীবনে কী পেলেন বা কী পেলেন না, সেই হিসাবও করেন না এই শিল্পী। তার কাছে আনন্দই মুখ্য। দুঃখকে ধরে না রেখে তা মুছে সামনে এগিয়ে যাওয়ার পক্ষপাতী তিনি। নতুন গান করার ইচ্ছা রয়েছে জেমসের। কিন্তু কনসার্ট, দেশ-বিদেশের ট্যুর ও লাইভ শোর ব্যস্ততার কারণে স্টুডিওতে সময় বের করা কঠিন হয়ে পড়েছে। তাই ৯ বা ১০টি গান নিয়ে প্রচলিত ধারার পূর্ণাঙ্গ অ্যালবামের পরিকল্পনা নেই। স্বতঃস্ফূর্তভাবে গান এলে তা প্রকাশ করবেন বলে জানান। বর্তমান সংগীতাঙ্গনের পরিবর্তন নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন জেমস। তার মতে, ডিজিটাল ও স্ট্রিমিং প্ল্যাটফর্মের কারণে গান এখন সহজে বিনা মূল্যে পাওয়া যাচ্ছে। এতে সংগীতের আর্থিক মূল্য কমেছে এবং পেশা হিসেবে গান করে টিকে থাকা কঠিন হয়েছে। তবে লাইভ পারফরম্যান্সে ভালো শিল্পীদের জন্য এখনও সুযোগ রয়েছে। তরুণদের উদ্দেশে জেমসের বার্তা, গান-বাজনা করতে হবে ভালোবাসা ও প্যাশন থেকে। অর্থ বা অন্য কোনো স্বার্থের জন্য সংগীতচর্চা করলে হতাশ হতে হবে। আইয়ুব বাচ্চুর সঙ্গে বন্ধুত্ব ও সুস্থ প্রতিযোগিতার দিনগুলোর কথাও স্মরণ করেন তিনি। পুরোনো সহশিল্পীদের মিস করেন জেমস। পাশাপাশি এআই ও আধুনিক প্রযুক্তিকে সময়ের পরিবর্তন হিসেবে গ্রহণ করে সুযোগ থাকলে কাজে লাগানোর পক্ষেও মত দেন তিনি।
জন্মদিনে নিজের মতোই জেমস
স্টাফ রিপোর্টার
বিনোদন
১ ঘন্টা আগে
২ অক্টোবর (শুক্রবার), ২০২৬, ১১ঃ১৫ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
