বাড়িতে সার মজুদ করে ‘কৃত্রিম সংকট তৈরির’ অভিযোগে জরিমানা গুনলেন জামায়াত নেতা

বাড়িতে সার মজুদ করে ‘কৃত্রিম সংকট তৈরির’ অভিযোগে জরিমানা গুনলেন জামায়াত নেতা

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জের কামারখন্দে অবৈধভাবে ইউরিয়া সার মজুদ করে ‘কৃত্রিম সংকট তৈরির দায়ে’ মনিরুল ইসলাম (৪৫) নামে জামায়াতে ইসলামীর এক নেতাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ধোপাকান্দি গ্রামে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

মনিরুল ইসলাম ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে ও উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন।

শুক্রবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে অবৈধভাবে বাড়িতে ১৮ বস্তা ইউরিয়া সার মজুদ পাওয়া যায়। পরে সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী তাকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা ফরিদ হোসাইন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মনিরুল ইসলাম মানবজমিনকে বলেন, তিনি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের(বিসিআইসি) একজন ডিলার। গত দুই বছর যাবত সরকারের নির্ধারিত মূল্য ও নীতিমালা অনুযায়ী সার বিক্রয় করে আসছেন। কিন্তু সম্প্রতি সারের চাহিদা বেড়ে যাওয়ায় নিজের জমি ও স্থানীয় কিছু কৃষকের জন্য সার গুলো নিজ বাড়িতে রেখেছিলেন বলে তিনি দাবি করেন।