পুষ্টি পরিস্থিতির উন্নয়নে সমন্বিত বিনিয়োগ জোরদারের আহ্বান বাংলাদেশের

পুষ্টি পরিস্থিতির উন্নয়নে সমন্বিত বিনিয়োগ জোরদারের আহ্বান বাংলাদেশের

ফন্ট সাইজ:

পুষ্টি পরিস্থিতির উন্নয়নে উচ্চপর্যায়ের রাজনৈতিক অঙ্গীকার ও সমন্বিত বিনিয়োগ জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। স্থানীয় সময় বৃহস্পতিবার (১অক্টোবর) ঘানার রাজধানী আক্রায় ‘সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার: পুষ্টি খাতে বিনিয়োগের সর্বোচ্চ সুফল নিশ্চিতকরণ’ শীর্ষক প্লেনারি অধিবেশনে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার এ আহ্বান জানান।

মাইক্রোনিউট্রিয়েন্ট ফোরামের সপ্তম বৈশ্বিক ওই সম্মেলনে ড. হায়দার বলেন, ‘পুষ্টি পরিস্থিতির উন্নয়নে শক্তিশালী রাজনৈতিক নেতৃত্ব, টেকসই অর্থায়ন এবং বিভিন্ন খাতের মধ্যে কার্যকর সমন্বয় অপরিহার্য। বিশেষ করে একই ভৌগোলিক এলাকায় বসবাসকারী একই ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর কাছে পর্যাপ্ত পরিসরে সমন্বিত পুষ্টিসেবা পৌঁছে দিতে হবে।’

বাংলাদেশের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘পুষ্টি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি সত্ত্বেও দেশের পাঁচ বছরের কম বয়সী ২৪ শতাংশ শিশু এখনো খর্বকায়ত্বে (স্টান্টিং) ভুগছে। একই সঙ্গে মাতৃঅপুষ্টি ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য ও বিকাশের জন্য একটি বড় হুমকি হিসেবে রয়ে গেছে।’
ড. হায়দার উল্লেখ করেন, ‘বাংলাদেশে দীর্ঘদিন ধরে পুষ্টিবিষয়ক প্রতিষ্ঠান ও জাতীয় কর্মপরিকল্পনা থাকলেও পর্যাপ্ত রাজনৈতিক কর্তৃত্ব, কার্যকর প্রাতিষ্ঠানিক কাঠামো এবং পূর্বানুমানযোগ্য অর্থায়নের অভাবে বহুখাতভিত্তিক সমন্বয় প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি।’ তিনি জাতীয় পুষ্টি অগ্রাধিকারগুলোকে সরাসরি সরকারের মূল পরিকল্পনা ও বাজেট প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, ‘পুষ্টি খাতে পরবর্তী বড় অগ্রগতি অর্জন করতে হলে সুশাসন ও পরিচালনব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনতে হবে।’ তিনি জোর দিয়ে বলেন, নতুন কমিটি গঠন কিংবা বিচ্ছিন্ন কার্যক্রম পরিচালনার পরিবর্তে সমন্বয়ের মাধ্যমে পরিমাপযোগ্য ফলাফল নিশ্চিত করতে হবে।’

এ লক্ষ্যে তিনি উচ্চপর্যায়ের রাজনৈতিক তত্ত্বাবধান, দেশীয় অর্থায়ন বৃদ্ধি, পুষ্টিঝুঁকির ভিত্তিতে ভৌগোলিক এলাকা নির্ধারণ, স্থানীয় পর্যায়ে বাস্তবায়ন সক্ষমতা জোরদার এবং স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি এবং সামাজিক সুরক্ষাসহ সংশ্লিষ্ট সব খাতের যৌথ জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান।

প্লেনারি অধিবেশনটি যৌথভাবে সঞ্চালনা করেন গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশনের নলেজ লিডারশিপ ম্যানেজার মুদুদুজি এমবুয়া এবং ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নিউট্রিশন, ডায়েটস অ্যান্ড হেলথ বিভাগের পরিচালক ডিয়ানা ওলনি। অধিবেশনে তানজানিয়া, বিশ্বব্যাংক, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, গেটস ফাউন্ডেশন এবং ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব নিউট্রিশনাল সায়েন্সেসের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও বক্তব্য রাখেন।

ড. হায়দার আরও উল্লেখ করেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ নবপরিকল্পিত প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থায় পুষ্টিসেবা অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে অগ্রগতি অর্জন করছে। এ সংস্কারের মূল লক্ষ্য হলো দেশের স্বাস্থ্যব্যবস্থাকে প্রধানত চিকিৎসানির্ভর ব্যবস্থা থেকে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকেন্দ্রিক ব্যবস্থায় রূপান্তর করা, যেখানে মা ও শিশুর স্বাস্থ্য এবং পুষ্টিকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।