কুমিল্লায় বিএনপি কার্যালয় ভাঙচুর যুবদল-ছাত্রদলের

কুমিল্লায় বিএনপি কার্যালয় ভাঙচুর যুবদল-ছাত্রদলের

ফন্ট সাইজ:

কুমিল্লার লালমাই উপজেলা বিএনপি’র কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে যুবদল-ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার বিকালে উপজেলার বাগমারা দক্ষিণ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নেতাকর্মীরা জানান, কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের বিএনপি সমর্থিত নেতা মাওলানা জাকির হোসেনের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়।

এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া সমর্থিত উপজেলা বিএনপি’র নেতা আনোয়ার উল্যাহ, আক্তারুজ্জামান রকেট, হাফেজ বিল্লাল হোসেন, মাহবুব আলম, আসলাম মজুমদার ও যুবদলের আহ্বায়ক জাবের আহমেদের নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী মিছিলে অংশ নেন। মিছিলটি কুমিল্লা-বাঙ্গড্ডা সড়কের বাগমারা বাইপাস এলাকা থেকে শুরু হয়ে বাগমারা দক্ষিণ বাজারে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে ওঠে। সেখানে সড়কে টায়ার জ্বালিয়ে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে মিছিল থেকে কিছু যুবদল ও ছাত্রদল নেতাকর্মী উপজেলা বিএনপি’র কার্যালয়ে ঢুকে হামলা ও ভাঙচুর করে।

দলীয় সূত্রের ভাষ্য, হামলাকারীরা কার্যালয়ের দেয়ালে থাকা বিএনপি’র কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের ছবিসংবলিত ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলেন। একটি বড় টেবিলসহ তিন শতাধিক চেয়ার ভাঙচুর করা হয়েছে। লালমাই উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ইউছুফ আলী মীর পিন্টু বলেন, একটি উন্নয়নকাজের দাপ্তরিক বিষয়ে খোঁজ নিতে তিনি দুইদিন ধরে ঢাকায় অবস্থান করছেন। দলীয় নেতাকর্মী এবং সিসিটিভি ফুটেজ দেখে তিনি কার্যালয়ে হামলার বিষয়টি জানতে পেরেছেন।

উপজেলা যুবদলের আহ্বায়ক জাবের আহমেদ, যুগ্ম আহ্বায়ক শাহ আলম, ইকবাল হোসেন মজুমদার, যুবদল নেতা মানিক হোসেন ও সোহরাব হোসেনের নেতৃত্বে কিছু লোক কার্যালয়ে ভাঙচুর করেছেন বলে তারা জানতে পেরেছেন। তাদের ভাঙচুর থেকে বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও দলের চেয়ারম্যান তারেক রহমানের ছবিও বাদ যায়নি বলে তিনি দাবি করেন। তিনি বলেন, কার্যালয়ের চেয়ার ও কিছু ব্যানার-পোস্টার নিয়ে যাওয়া হয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটারসহ ১৬টি বৈদ্যুতিক পাখা নষ্ট করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, বিএনপি কার্যালয়ের শাটারের তালা ভেঙে কয়েকজন ভেতরে প্রবেশ করে। তারা কিছু চেয়ার-টেবিল ভাঙচুর করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের নিবৃত্ত করে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এর আগে, মঙ্গলবার রাতে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া সমর্থিত বিএনপি নেতা মাওলানা জাকির হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। রাত ১০টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালমাই বাজার এলাকার একটি খাবার হোটেলে হেলমেট পরা কয়েকজন ব্যক্তি তাকে মারধর করেন বলে অভিযোগ করা হয়। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হয়। ওই হামলার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল বের করা হয়েছিল।