চট্টগ্রামে ডেঙ্গুতে সেপ্টেম্বরে মৃত্যু ১৬

ফন্ট সাইজ:

চট্টগ্রামে চলতি বছরের ডেঙ্গু পরিস্থিতি সেপ্টেম্বর মাসে এসে উদ্বেগজনক আকার ধারণ করেছে। বছরের প্রথম আট মাস তুলনামূলক কম থাকার পর সেপ্টেম্বরে একসঙ্গে বেড়েছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। জেলায় মোট ৪ হাজার ৪৬৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সেপ্টেম্বরেই আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৩০ জন, যা মোট আক্রান্তের অর্ধেকেরও বেশি।

একই সময়ে ডেঙ্গুতে মারা গেছেন ২১ জন। এর মধ্যে সেপ্টেম্বর মাসেই মৃত্যু হয়েছে ১৬ জনের। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি। এ পর্যন্ত ২ হাজার ১৯৩ জন পুরুষ, ১ হাজার ২৭৮ জন নারী এবং ৯৯৫ জন শিশু ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তবে মৃত্যুর ক্ষেত্রে নারী ও শিশুর সংখ্যা বেশি। মোট ২১ মৃত্যুর মধ্যে নারী ও শিশু রয়েছেন ১৭ জন এবং পুরুষ ৪ জন।

নগরীর বাইরে উপজেলাগুলোতেও ডেঙ্গুর বিস্তার বেড়েছে। জেলার ১৫ উপজেলায় ১ হাজার ৯২০ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সীতাকুণ্ডে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি, ৫৬২ জন। এরপর কর্ণফুলীতে ২৬৭ জন আক্রান্ত হয়েছেন। অন্য উপজেলাগুলোর মধ্যে রাঙ্গুনিয়ায় ১৪৫, বাঁশখালীতে ১৪২, সাতকানিয়ায় ১০৯, আনোয়ারায় ১০৭, রাউজানে ৯৩, পটিয়ায় ৮৮, হাটহাজারীতে ৭৬, মীরসরাইয়ে ৭৪, বোয়ালখালীতে ৭১, চন্দনাইশে ৬৫, লোহাগাড়ায় ৬১, ফটিকছড়িতে ৩৭ এবং সন্দ্বীপে ২৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে ১০৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩১ জন, ফৌজদারহাট বিআইটিআইডিতে ১৩ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৩০ জন, চট্টগ্রাম সিএমএইচে ৫ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ১২ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ১৬ জন চিকিৎসা নিচ্ছেন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, প্রায় প্রতিদিনই থেমে থেমে বৃষ্টি হওয়ায় বিভিন্ন স্থানে পানি জমছে। এসব জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন জানিয়েছেন, হালিশহর, কোতোয়ালি, পাহাড়তলী, বন্দর, আকবর শাহ, ফিরোজশাহ, অক্সিজেন ও বাকলিয়া এলাকায় তুলনামূলক বেশি রোগী শনাক্ত হয়েছে। এসব এলাকাকে গুরুত্ব দিয়ে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করা হচ্ছে। অক্টোবরে থেমে বৃষ্টি অব্যাহত থাকলে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে উল্লেখ করে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।