যাত্রা শুরু করলো বিশেষায়িত ও স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’

ফন্ট সাইজ:

সাইবার অপরাধ দমন, ডিজিটাল নিরাপত্তা জোরদারকরণ এবং প্রযুক্তিভিত্তিক তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ পুলিশের অধীনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বিশেষায়িত ও স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গতকাল বিকালে রাজধানীর পুলিশ সদর দপ্তরের ‘হল অব ইন্টেগ্রিটি’তে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ও স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে এ উপলক্ষে পুলিশ সদর দপ্তরের ‘হল অব প্রাইড’-এ আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী জানান, পরিবর্তনশীল অপরাধের ধরন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে চিরাচরিত সনাতন পদ্ধতি থেকে বেরিয়ে এসে আধুনিক প্রযুক্তি ও মেধানির্ভর ফোর্সে রূপান্তরের লক্ষ্যেই এই ইউনিটের সূচনা।

পুলিশের নতুন এই স্বতন্ত্র ইউনিটের সাংগঠনিক কাঠামো ও পদায়ন বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন গঠিত সাইবার পুলিশ ইউনিটটি একজন অতিরিক্ত আইজিপি’র নেতৃত্বে পরিচালিত হবে। প্রাথমিকভাবে অতিরিক্ত আইজিপি মো. ইকবাল হোসেনকে এ ইউনিটের দায়িত্ব প্রদান করে আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম শুরু করা হয়েছে। তিনি বলেন, বিভাগীয় পর্যায়ে ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি এবং জেলা পর্যায়ে পুলিশ সুপার (এসপি) বা দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি থানা পর্যায়ে ওসি’র নেতৃত্বে সাইবার কেন্দ্রিক সেবা প্রদান ও তদন্তের জন্য পৃথক সাব-ইন্সপেক্টর (এসআই), সহকারী সাব-ইন্সপেক্টর (এএসআই) ও কনস্টেবল পদায়ন করা হবে। অনুমোদিত অর্গানোগ্রাম অনুযায়ী এই ইউনিটের মোট জনবল নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৫৯২ জন। বিদ্যমান পুলিশ ফোর্সের মধ্য থেকে অভিজ্ঞ ও প্রশিক্ষিত সদস্যদের পদায়নের পাশাপাশি নতুন নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে এই জনবল পূর্ণাঙ্গ রূপ পাবে।

সাইবার পুলিশ ইউনিটের আধুনিক ল্যাব ও অবকাঠামো নির্মাণ বিষয়ে মন্ত্রী বলেন, বর্তমান সময়ে মানি লন্ডারিং, সোশ্যাল মিডিয়াভিত্তিক অপরাধ, গুজব, ফিন্যান্সিয়াল ক্রাইম, মাদক ও উগ্রবাদের প্রেক্ষাপটে কেমিক্যাল ল্যাবের পাশাপাশি ডিজিটাল ও ফরেনসিক ল্যাবের প্রয়োজনীয়তা সর্বাত্মক হয়ে উঠেছে। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে সাইবার পুলিশ ইউনিটের অধীনে সর্বাধুনিক প্রযুক্তি ও সাইবার যন্ত্রপাতি সমৃদ্ধ ডিজিটাল ফরেনসিক ল্যাবরেটরি স্থাপন করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পূর্বে বিভিন্ন ইউনিটে অসংগঠিতভাবে পরিচালিত সাইবার তদন্তের সমন্বয়হীনতা দূর করে এখন থেকে একক আমব্রেলা বা সুসংগঠিত কাঠামোর অধীনে এই ইউনিটের সমস্ত কার্যক্রম পরিচালিত হবে। তিনি এই বিশেষায়িত ইউনিটের উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশে সাইবার স্পেসের অপব্যবহার ও সকল প্রকার সাইবার অপরাধ সফলভাবে দমন ও প্রতিরোধ করা সম্ভব হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন। প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি মো. আলী হোসেন ফকির প্রমুখ উপস্থিত ছিলেন।