পল্লবীতে জমি দখলচেষ্টা, গ্রেপ্তার ৭

ফন্ট সাইজ:

রাজধানীর পল্লবীর আলীনগর এলাকায় জমি ‘দখলচেষ্টার’ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাতজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ওই এলাকার একটি টিনশেড পাকা বাড়ি ভাঙচুরের সময় তাদেরকে হেফাজতে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির মানবজমিনকে বলেন, বিরোধীয় সম্পত্তি নিয়ে এই ঘটনাটি। এ বিষয়ে পল্লবী থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে আমরা সাতজনকে পুলিশ হেফাজতে নিয়ে আসি। যে পক্ষ ১৪৪ জারি করেছিলো তারাই ১৪৪ ধারা ভঙ্গ করছিলো। তাদেরকে ধরে নিয়ে এসেছি। তাদের বলা হয়েছে, তারা যদি মুচলেকা দেয় তারা ১৪৪ ধারা ভঙ্গ করবে না তাদের ছেড়ে দেবো। আর যদি মুচলেকা না দেয়, তাদের আমাদের হেফাজতে রেখে দেবো। এখনও আমাদের কাছেই আছে গ্রেপ্তারকৃতরা।

এ বিষয়ে পল্লবী থানায় একটি অভিযোগ দিয়েছেন ‘মাহমুদ গ্রুপের’ কর্মকর্তা ইব্রাহিম খলিল। তার ভাষ্য, প্রায় ৪৩ শতাংশের জায়গাটি এই গ্রুপের মালিক আমিনুল ইসলাম, সাইফুদ্দীন মাহমুদ ও মনসুর আনোয়ারের ব্যক্তিগত সম্পত্তি। যেটি ২০১৪ সালে তারা লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এমএ আউয়ালের কাছ থেকে কিনে নেন। ওই জমিতে টিনশেড পাকা ঘর ছিল, সেখানে প্রায় ৩৩টি কক্ষ ভাড়া দেয়া ছিল।

ইব্রাহিম খলিল বলেন, এই জমি নিয়ে একটি মামলা আদালতে চলমান রয়েছে এবং এ বিষয়ে উচ্চ আদালতের একটি স্থগিতাদেশ রয়েছে। তাদের ভাঙচুরে ভীত হয়ে অনেক ভাড়াটিয়া ঘর ছেড়ে চলে গেছে। সেখানে দেখাশোনা করার জন্য আমাদের দুইজন নিরাপত্তা কর্মী ছিল, তারাও চলে যাবে বলে জানিয়েছে। তিনি আউয়ালের পাশাপাশি হারুন নামে একজনের বিরুদ্ধেও অভিযোগ করেছেন। বাড়ি দখলের অভিযোগের বিষয়ে হারুন বলেন, ‘আমার কোনো লোক সেখানে যায়নি। যে ভাড়াটিয়ারা ছিল, তারা নিজেরাই তাদের ঘর ভেঙে মালামাল নিয়ে চলে যাচ্ছে।’