এক সিনেমার তিন গানে অপু আমান

এক সিনেমার তিন গানে অপু আমান

ফন্ট সাইজ:

অপু আমান বাংলাদেশের সংগীতাঙ্গনের এই প্রজন্মের একজন সংগীতশিল্পী। এরই মধ্যে তিনি একই সিনেমার তিনটি গান গাওয়ার সুযোগ পেয়েছেন। গতকাল সারা দেশব্যাপী মুক্তি পেয়েছে চিত্রনায়ক ফেরদৌস অভিনীত ২৮ বছর আগে মুক্তিপ্রাপ্ত বাসু চ্যাটার্জি পরিচালিত ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমার রিমেক সিনেমা ‘আবার হঠাৎ বৃষ্টি’।

‘হঠাৎ বৃষ্টি’ সিনেমার তিনটি জনপ্রিয় গান হলো— ‘একদিন স্বপ্নের দিন’, ‘সোনালি প্রান্তরে’ ও ‘হঠাৎ বৃষ্টি’। এই গানগুলোর কথা ও সুর নচিকেতা চক্রবর্তীর। নতুন করে গানগুলোর সংগীতায়োজন করেছেন অপু আমান। তিনটি গানে কণ্ঠও দিয়েছেন তিনি। ‘একদিন স্বপ্নের দিন’ গানটিতে অপু আমানের সহশিল্পী অনুপমা মুক্তি। অপু আমান বলেন, শ্রদ্ধেয় হাবিবুর রহমান খান ও ফরিদুর রেজা সাগরকে অনেক অনেক ধন্যবাদ। চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদসহ হাসান ভাইকেও অনেক ধন্যবাদ জানাই। প্রিমিয়ার শো’তে সংগীত পরিচালক ইমন সাহা দাদার সঙ্গে নিজের নামটিও দেখতে পেয়ে অনেক আনন্দিত হয়েছি। এটি আমার জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয়। প্রিমিয়ারের দিন এত বড় বড় নক্ষত্রের মাঝে নিজেকে একটি অংশ হতে দেখে গর্ব অনুভব করছি।

উল্লেখ্য, সিনেমাটি রিমেক করেছেন কামরুজ্জামান। তবে ফেরদৌস-প্রিয়াঙ্কার ‘হঠাৎ বৃষ্টি’র রিমেক সিনেমা ‘আবার হঠাৎ বৃষ্টি’ নির্মাণের দিক দিয়ে কিংবা অভিনয়ের দিক দিয়ে কোনোভাবেই ‘হঠাৎ বৃষ্টি’কে ছাপিয়ে যেতে পারবে না— এটা নিশ্চিত। গানগুলো শ্রোতাদের ভালো লাগতে পারে। কারণ গানগুলো সময়োপযোগী মিউজিক অ্যারেঞ্জমেন্টে করা। অপু আমানের গানগুলোর মিউজিক অ্যারেঞ্জমেন্ট তিনি নিজেই করেছেন।