যে চাপ সামলাতে হিমশিম খান মিমি

যে চাপ সামলাতে হিমশিম খান মিমি

ফন্ট সাইজ:

নতুন সিনেমার শুটিং শুরু হওয়ার আগে এখনো রাত জেগে দুশ্চিন্তায় কাটে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও প্রাক্তন সংসদ সদস্য মিমি চক্রবর্তীর। দীর্ঘ দেড় যুগের ক্যারিয়ারে নানা বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করলেও, নতুন কাজের প্রথম দিনের চাপ বা উত্তেজনা সামলাতে বেশ হিমশিম খান তিনি। সম্প্রতি ভারতের একটি পডকাস্টে মিমি চক্রবর্তী নিজের এই অনুভূতির কথা জানান। তিনি বলেন, নতুন কোনো সিনেমার কাজ শুরুর আগের রাতে আমি এখনো ঘুমাতে পারি না। এক ধরনের প্রবল টেনশন কাজ করে। পেশাদারিত্বের পরিচয় দিয়ে শুটিংয়ের প্রথম দিন নির্ধারিত সময়ের অন্তত ১৫ মিনিট আগে সেটে পৌঁছে যান এই অভিনেত্রী। সেটের পরিবেশ, সহকর্মীদের কাজের ধরন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতেই তিনি এটি করেন।

মিমির ভাষ্যমতে, প্রতিটি নতুন কাজ শুরু করার সময় তার মনে হয়, এটাই যেন তার জীবনের প্রথম শুটিং। ছোট পর্দার কালজয়ী ধারাবাহিক ‘গানের ওপারে’র ‘পুপে’ চরিত্রের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন মিমি। ‘চ্যাম্পিয়ন’ চলচ্চিত্রে ছোট একটি ভূমিকার পর ‘বাপি বাড়ি যা’ সিনেমার মাধ্যমে প্রথম কেন্দ্রীয় চরিত্রে রুপালি পর্দায় আত্মপ্রকাশ করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি; উপহার দিয়েছেন একের পর এক ব্লকবাস্টার সিনেমা। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে সৃজিত মুখার্জি পরিচালিত নতুন সিনেমা ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’। যেখানে কালজয়ী উপন্যাস ‘পথের দাবী’র ‘সুমিত্রা’ চরিত্রে অভিনয় করেছেন মিমি। দীর্ঘ ক্যারিয়ারে সৃজিতের পরিচালনায় এটিই তার প্রথম কাজ। এতে তার বিপরীতে রয়েছেন আবির চ্যাটার্জি। সিনেমাটি আগামী ১৬ই অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।