দেশের সিনেমা হলের সংখ্যা কমার তালিকায় এবার যুক্ত হলো নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ‘লাভলী’ সিনেমা হল। দীর্ঘদিন লোকসানে থাকা হলটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন এর বর্তমান মালিক ও চলচ্চিত্র পরিচালক শাহাদাৎ হোসেন লিটন।
তিনি জানান, আজ হলটি ভেঙে ফেলা হবে। ঢাকা-সিলেট মহাসড়কের পাশে কাঁচপুর কাঁচাবাজার ও লাভলী বাসস্ট্যান্ডের কাছাকাছি সোনাপুর এলাকায় অবস্থিত হলটি একসময় স্থানীয় মানুষের অন্যতম বিনোদনকেন্দ্র ছিল। এমনকি হলটির নামেই এলাকাটি পরিচিতি পেয়েছে। তবে দীর্ঘদিন নিয়মিত সিনেমা প্রদর্শন না হওয়ায় এর কার্যক্রম অনিয়মিত হয়ে পড়ে। একপর্যায়ে প্রায় বন্ধই হয়ে যায় হলটি।
লিটন জানান, পুরনো ভবনটি ভেঙে সেখানে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ করা হবে। তবে সিনেমা হলের কার্যক্রম পুরোপুরি বন্ধ হচ্ছে না। নতুন ভবনে ‘লাভলী’ নামেই একটি অত্যাধুনিক সিনেপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে তার। হল ভাঙার বিষয়ে শাহাদাৎ হোসেন লিটন বলেন, বর্তমানে সিনেমা হলের ব্যবসা নেই বললেই চলে। দীর্ঘদিন ধরে হলটির কার্যক্রমও নিয়মিত ছিল না। তাই পুরনো হলটি ভেঙে কমার্শিয়াল ভবন নির্মাণের পরিকল্পনা করছি। ভবিষ্যতে এই ভবনে ‘লাভলী’ নামেই একটি সিনেপ্লেক্স করার পরিকল্পনা রয়েছে।
