হিজাব পরা বিচারককে দেখে আদালত কক্ষে অভিযুক্তের স্লোগান

ক্ষমা চাইলেন আইনজীবী

হিজাব পরা বিচারককে দেখে আদালত কক্ষে অভিযুক্তের স্লোগান

ফন্ট সাইজ:

পশ্চিমবঙ্গের একটি আদালতে বিচারক হিজাব পরায় আদালত কক্ষে অভিযুক্ত এক ব্যক্তি জয় শ্রী রাম বলে স্লোগান দিয়েছেন। শিলিগুড়ি মহকুমা আদালতে এ ঘটনা ঘটেছে।

বুধবার শিলিগুড়ি মহকুমা আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪ নম্বর আদালত কক্ষে হিজাব পরেছিলেন বিচারক। আর তা দেখেই এজলাসের ভিতরেই ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়েছেন এক অভিযুক্ত। এই ঘটনায় তুমুল বিতর্ক শুরু হয়েছে।
অভিযুক্তদের আইনজীবী পরিস্থিতি সামাল দিয়ে ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, অভিযুক্ত বিচারকের উদ্দেশে এই স্লোগান দেয়নি। তবে তার ক্ষমা চাওয়া সত্ত্বেও বিতর্ক থেমে থাকেনি। ঘটনার নিন্দা জানিয়েছে শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশন।
জানা গেছে, বুধবার ২০১৮ সালের একটি ভিনধর্মী বিয়ের ঘটনাকে কেন্দ্র করে করা মামলায় ২৪ জনকে আদালতে ডাকা হয়েছিল। তাদের মধ্যে স্লোগান দেয়া ব্যক্তিও ছিলেন।

প্রথমেই আদালতের তরফে নাম ধরে উপস্থিতি চাওয়া হচ্ছিল। সেই সময় বিচারকের হিজাব দেখে এক অভিযুক্ত ‘জয় শ্রীরাম’ স্লোগান দেন বলে অভিযোগ। যদিও অভিযুক্তের আইনজীবী জানান, বিচারকের উদ্দেশে এই স্লোগান দেয়া হয়নি।
শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের সভাপতি উদয়শঙ্কর মালাকার বলেন, এটা একেবারেই অনভিপ্রেত ঘটনা। আদালতকক্ষে এসব একেবারেই কাম্য নয়।
অল ইন্ডিয়া লইয়ার্স অ্যাসোসিয়েশনের দার্জিলিং জেলা সম্পাদক দিবাকর রায় জানিয়েছেন, আদালতকক্ষ ধর্ম-রাজনীতি বা অন্য সব বিতর্কের ঊর্ধ্বে গিয়ে নিরপেক্ষ বিচারের জায়গা। সেখানে কোনোভাবেই ধর্মীয় অথবা রাজনৈতিক স্লোগান দেয়া যায় না। এই ধরনের ঘটনা নিরপেক্ষ বিচার ব্যবস্থার সঙ্গে সাযুজ্যপূর্ণ নয়।

অভিযুক্তদের আইনজীবী ত্রিদিপ জানিয়েছেন, বহু মানুষ সম্ভাষণ জানানোর সময় জয় শ্রীরাম, রাধে রাধে বা এই ধরনের শব্দ বদ্ধ ব্যবহার করেন। নাম ধরে ডাকার সময় অভিযুক্তদের মধ্যে একজন না বুঝেই জয় শ্রীরাম বলে ফেলেছেন। যদিও ঘটনার জন্য তৎক্ষণাৎ আমি এবং আমরা ক্ষমা চেয়ে নিয়েছি।