ফেনীর পরশুরামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ফেনীর পরশুরামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ফন্ট সাইজ:

বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য ফেনীর পরশুরাম পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রচুর বৃষ্টির মধ্যে বৃহস্পতিবার দুপুর ২টা ৪মিনিটে সড়কপথে তিনি পরশুরাম উপজেলার ঘাটঘর এলাকায় অনুষ্ঠানস্থলে পৌঁছান। দিনব্যাপী সফরের শুরুতে জেলার পরশুরামে ঘাটঘর এলাকায় মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর উদ্বোধন উপলক্ষে এক শুভেচ্ছা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

পরশুরামের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী যাবেন ফুলগাজী। সেখানে দুপুরের খাবার ও বিশ্রামের পর বিকেলে যোগ দিবেন ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে এক অনুষ্ঠান। সেখান থেকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম ও পুরোহিতদের ভাতা প্রদান এবং ২৪৯ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল স্থাপনসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন সরকার প্রধান।

কৃষক কার্ড কর্মসূচির আওতায় ফেনী জেলায় মোট ৫ হাজার ৬৪৩ জনকে কার্ড দেওয়ার জন্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে উদ্বোধনী অনুষ্ঠানে ১ হাজার ১২ জন কৃষকের উপস্থিত থাকার কথা রয়েছে। তাদের মধ্য থেকে ১০ জন কৃষক প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি কৃষক কার্ড গ্রহণ করবেন।

অন্যদিকে, জেলার বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত ও সেবায়েতদের সম্মানী ভাতা প্রদানের উদ্যোগও নেওয়া হয়েছে। এ কার্যক্রমের আওতায় ফেনী জেলায় মোট ২৭৫ জনকে সম্মানীর জন্য মনোনীত করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে মনোনীতদের মধ্য থেকে ৬ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেম, ২ জন সেবায়েত এবং ২ জন পুরোহিত প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মানী গ্রহণ করবেন।

সূত্র জানিয়েছে এ জনসভাস্থল থেকে ফুলগাজীকে দেশের নতুন পৌরসভায় উন্নিত করণের ঘোষণা দিতে পারেন প্রধানমন্ত্রী। এ ঘোষণার পর ফেনী জেলার ছয় উপজেলাতে ৬টি পৌরসভা গঠিত হবে। এর আগে ২০০১ সালে বিএনপি সরকার গঠন করলে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পৈত্রিক বাড়ি ও নিজের নির্বাচনী এলাকা ফুলগাজীকে থানা থেকে উপজেলায় উন্নীত করেন। এদিকে প্রধানমন্ত্রীর সফরের সময় ১৯৯৩ সালে লোকসানের অজুহাতে বন্ধ করে দেয়া ফেনী-বিলোনিয়া রেলপথ পুনরায় চালুর দাবি জানাবেন বিএনপি নেতারা। এটি চালু হলে জেলার উত্তরাঞ্চলের মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি ব্যবসার প্রসার ঘটবে।

এদিকে, সরকার গঠনের পর প্রথমবার বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে উচ্ছ্বসিত জেলাবাসী। প্রধানমন্ত্রীর সফর ঘিরে জেলার উন্নয়নের পাশাপাশি নানা দাবি সামনে আনছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।