ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল মোল্লাকে বাদ দিতে বাংলাদেশ ব্যাংককে হাইকোর্টের নির্দেশ

ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল মোল্লাকে বাদ দিতে বাংলাদেশ ব্যাংককে হাইকোর্টের নির্দেশ

ফন্ট সাইজ:

বোর্ডের অনুমতি ছাড়াই এইচ বি এম ইকবালের শেয়ার হস্তান্তর করে বেঙ্গল টাইগার সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হওয়া সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লাকে ঋণখেলাপির তালিকা থেকে বাদ দিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে ঋণখেলাপির তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ চারজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সিরাজুল ইসলাম মোল্লার করা আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।
আদালতের এ আদেশের ফলে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) প্রতিবেদনে থাকা ঋণখেলাপির তথ্য থেকে তার নাম বাদ দেওয়ার নির্দেশনা দেওয়া হলো।
উল্লেখ্য, বর্তমানে হাইকোর্টে বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট স্থগিত বা ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দেয়া প্রায় বন্ধ রয়েছে। এর মধ্যেই অবকাশকালীন সময়ে হাইকোর্টের এই বেঞ্চ থেকে এমন আদেশ এলো। এর আগে ভিন্ন নামে সিআইবি রিপোর্ট স্থগিতের চেষ্টা করেও আদালত থেকে এ ধরনের সুবিধা পাননি সিরাজুল ইসলাম মোল্লা।