সৌদি আরবের বিরুদ্ধে যেকোনো হুমকি বা হামলার ‘কড়া জবাব’ দেয়া হবে। এমন সতর্কতা দিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। একই সঙ্গে তিনি বলেছেন, আঞ্চলিক নিরাপত্তায় মক্কা চুক্তির ওপর আস্থা আছে তার। তবে আঞ্চলিক উত্তেজনা কমাতে এবং কূটনৈতিক সমাধানকে সমর্থন করতে রিয়াদ তার প্রচেষ্টা অব্যাহত রাখবে। বুধবার শুরা কাউন্সিলে দেয়া বক্তব্যে ক্রাউন প্রিন্স বলেন, উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলোকে লক্ষ্য করে চালানো হামলা প্রমাণ করেছে যে, উপসাগরীয় নিরাপত্তা ও স্থিতিশীলতা অবিচ্ছেদ্য। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছে।
তিনি বলেন, উপসাগরীয় দেশগুলোর সঙ্গে কৌশলগত সহযোগিতা ও অর্থনৈতিক সংহতি জোরদারে সৌদি আরব কাজ করে যাবে। একই সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা সুরক্ষার গুরুত্বের ওপরও জোর দেন তিনি। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত মক্কা জয়েন্ট ডিফেন্স অ্যালায়েন্স (এমজেডিএ) আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় তিন দেশের প্রচেষ্টা সমন্বয়েও এই জোট সহায়তা করবে বলে জানিয়েছেন প্রিন্স মোহাম্মদ। ইয়েমেন প্রসঙ্গে ক্রাউন প্রিন্স বলেন, দেশটির সর্বত্র ইয়েমেন সরকারের কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সৌদি আরব সমর্থন অব্যাহত রাখবে।
এসপিএর প্রতিবেদনে বলা হয়েছে, হুতিরা বিশৃঙ্খলা ও ধ্বংসযজ্ঞের পথ বেছে নিয়েছে, ইয়েমেন ও পুরো অঞ্চলের জন্য হুমকি সৃষ্টি করেছে বলে অভিযোগ করেন ক্রাউন প্রিন্স। আন্তর্জাতিক জলপথকে রাজনৈতিক বা অর্থনৈতিক চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহারের বিরোধিতার কথাও জানিয়েছেন সৌদি যুবরাজ। তিনি বলেন, আন্তর্জাতিক জলপথে সামুদ্রিক নিরাপত্তা জোরদার এবং অভিন্ন স্বার্থ সুরক্ষায় সৌদি আরব একটি বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন করেছে। প্রিন্স মোহাম্মদ হুমকি মোকাবিলায় সৌদি সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে আঞ্চলিক উত্তেজনা কমানো এবং কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করার বিষয়ে সৌদি আরবের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
ইরানের সমর্থনপুষ্ট ইয়েমেনের হুতি বাহিনীর হামলা বেড়ে যাওয়ার সময়েই এমজেডিএর বিষয়টি সামনে এসেছে। গত আগস্টে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক এই চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আঞ্চলিক উত্তেজনা বাড়তে থাকার মধ্যেই এই চুক্তি স্বাক্ষরিত হয়। পরবর্তী সময়ে অনুষ্ঠিত বৈঠকগুলোতে নিরাপত্তা সমন্বয় এবং রিয়াদকে সমর্থনের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
আঞ্চলিক নিরাপত্তায় মক্কা চুক্তির ওপর আস্থা সৌদি যুবরাজের, হুমকিতে কঠোর জবাবের অঙ্গীকার
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
৫৩ মিনিট আগে
১ অক্টোবর (বৃহস্পতিবার), ২০২৬, ৯ঃ৪৩ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
