কড়া রোদের পরও খেলা বিলম্ব, ব্যাটিংয়ে বাংলাদেশ

কড়া রোদের পরও খেলা বিলম্ব, ব্যাটিংয়ে বাংলাদেশ

ফন্ট সাইজ:

টানা কয়েক দিনের বৃষ্টির পর গতকাল থেকেই নাগোয়ার আকাশে ঝলমলে রোদ। আজ সকালেও কড়া রোদ ছিল। তারপরও মাঠের ভেজা আউটফিল্ডের কারণে বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল শুরু হতে বিলম্ব হলো দেড় ঘণ্টা। জাপান সময় সকাল ৯টায় ম্যাচ শুরুর কথা থাকলেও দুই দফা মাঠ পরিদর্শন শেষে আম্পায়াররা সোয়া ১০টায় খেলা শুরুর সিদ্ধান্ত দেন। কমে আসে ম্যাচের দৈর্ঘ্যও—দুই দল খেলবে ১৩ ওভার করে।


বাংলাদেশের ম্যাচ দেখতে সকালেই গ্যালারিতে হাজির হন নাগোয়ায় বসবাসরত কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি। কর্মব্যস্ত দিন হওয়া সত্ত্বেও কেউ ছুটি নিয়ে, কেউ ক্লাস বাদ দিয়ে ছুটে এসেছেন স্টেডিয়ামে। কড়া রোদ উপেক্ষা করে তারা অপেক্ষা করেন প্রিয় দলের ম্যাচ দেখার জন্য।


সকাল ৯টা ৫৫ মিনিটে মাঠের এক কোণে টস হয়। পাকিস্তানের অধিনায়ক শাহিবজাদা ফারহান টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। চার দিনের বেশি সময় ধরে ঢাকা থাকা উইকেটে টস হেরে বাংলাদেশকে শুরুতেই ব্যাটিংয়ে নামতে হয়।


সকাল থেকেই দুই দল মাঠে এসে ওয়ার্মআপ শুরু করে। কিন্তু টানা বৃষ্টির প্রভাব কাটেনি পুরোপুরি। গত দুই দিন রোদ থাকলেও আউটফিল্ডের বিভিন্ন অংশে পানি জমে ছিল। বাউন্ডারি লাইনের পাশেও ছিল ভেজা জায়গা। স্থানীয় সময় সকাল ৯টায় প্রথম দফায় মাঠ পরিদর্শন করেন আম্পায়াররা। তখনও খেলার উপযোগী হয়নি মাঠ।


প্রায় পৌনে এক ঘণ্টা পর দ্বিতীয় দফায় মাঠ পরিদর্শনে নামেন আম্পায়াররা। এরপরই ১৩ ওভারের ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত হয়। দীর্ঘ অপেক্ষার পর স্বস্তি ফেরে গ্যালারিতে। বাংলাদেশ চার স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে। সংক্ষিপ্ত ম্যাচে স্পিনারদের ওপরই বাড়তি দায়িত্ব থাকবে বাংলাদেশের।

ব‍্যাট করতে নেমেছেন তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান।