রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজ। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে প্রায় দুই শতাধিক লোক অস্ত্র নিয়ে ঢুকে পুরো আবাসন এলাকায় তাণ্ডব চালায়। ভাঙচুর করা হয় ওই প্রপার্টিজে থাকা জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ‘ব্রাউন ফিসে’ও। লুট করা হয় ভবনে থাকা বিভিন্ন অফিস ও আবাসনের মালামাল। ওই ঘটনায় সাবেক সেনা কর্মকর্তাসহ এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে অন্তত ৮ জনকে।
তবে এই নিউগিনি প্রপার্টিজ ও সালমান মুক্তাদিরকে নিয়ে চঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। নথি বলছে, ৫ হাজার বর্গ ফুটের ওই শেডের ভাড়ার চুক্তিপত্রে সালমান মুক্তাদিরের নাম নেই। নিউগিনি প্রপার্টিজের মালিক জুলাই হত্যা মামলার আসামি নিজাম উদ্দিন ভূঁইয়ার সঙ্গে চার বছরের জন্য শেডটির চুক্তি করেন সালমান মুক্তাদিরের বন্ধু এসএম রিফাত মেনন। বন্ধুর সেই শেডেই ব্রাউন ফিস নামে বিশাল স্টুডিও গড়ে তোলেন সালমান। ২০২৫ সালের ১লা নভেম্বর ১শ’ টাকার তিনটি স্ট্যাম্পের ওই চুক্তিপত্রে দেখা যায়, প্রথম পক্ষ হিসেবে নাম রয়েছে— মো. নাজিম উদ্দিন ভূঁইয়ার। পিতা আবু তাহের ভূঁইয়া। বাসা ৫১২/১০, মানিকদি রোড, ক্যান্টনমেন্ট থানা। আর দ্বিতীয় পক্ষের ঘরে রয়েছে এসএম রিফাত মেননের অফিস। রোড নম্বর ৯, মিরপুর ডিওএইচএস কালচারাল সেন্টার, মিরপুর। চুক্তিতে আরও উল্লেখ করা হয়— ‘ঢাকা-১২০৬ এর ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার মানিকদি রোডের ৫১২/১০ নম্বর হোল্ডিংয়ে অবস্থিত রাজউক অনুমোদিত ৬তলাবিশিষ্ট আবাসিক ভবনটি সম্পূর্ণভাবে ইজারা প্রদানকারীর মালিকানাধীন এবং তিনি এর আইনগত স্বত্ব ও দখলের অধিকারী। সম্পত্তিটির মোট আয়তন ৬ হাজার ৮০০ বর্গফুট। এর মধ্যে ইজারাযোগ্য অংশের (পূর্ব ও উত্তর দিক) আয়তন ৫ হাজার বর্গফুট। ইজারা গ্রহীতা শুধুমাত্র অফিস এবং স্টুডিওর কাজে ব্যবহারের উদ্দেশ্যে ওই সম্পত্তিটি ইজারা নিতে ইচ্ছুক। ইজারাদাতা ইজারাগ্রহীতাকে নির্ধারিত ভাড়া এবং এই চুক্তিতে বর্ণিত শর্তাবলি ও নিয়মাবলি সাপেক্ষে চার বছরের মেয়াদে ইজারাভুক্ত সম্পত্তিটি ইজারা প্রদান করেছেন। ইজারাগ্রহীতার জন্য ইজারাভুক্ত সম্পত্তির ভাড়াটিয়া হিসেবে মেয়াদকাল ১লা নভেম্বর ২০২৫ তারিখে শুরু হবে এবং ৩১শে অক্টোবর ২০২৯ তারিখে সমাপ্ত বলে গণ্য হবে। এ কারণে ১লা নভেম্বর ২০২৫ তারিখে ইজারাদাতা ইজারাগ্রহীতাকে সম্পত্তিটির নিরঙ্কুশ ও দখলমুক্ত অধিকার (ক্লিয়ার অ্যান্ড ভেকেন্ট পজিশন) হস্তান্তর করবেন। ১লা জানুয়ারি ২০২৬ তারিখ থেকে ইজারাভুক্ত সম্পত্তির মাসিক ভাড়া হবে এক লাখ পঁচিশ হাজার টাকা।
তবে, ২০২৫ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসে ভাড়া পরিশোধের ক্ষেত্রে ছাড়ের সময়কাল থাকবে। এই চুক্তি স্বাক্ষরের সময় ইজারাগ্রহীতা ইজারাদাতাকে নিরাপত্তা জামানত পাঁচ লাখ টাকা প্রদান করবেন। ইজারাগ্রহীতা ইজারাকৃত স্থানটি দাপ্তরিক বা ব্যবসায়িক প্রয়োজনে ব্যবহার করবেন এবং সেখানে কোনো আপত্তিকর বাণিজ্য বা ব্যবসা পরিচালনা করবেন না বা করতে দেবেন না। এ ছাড়া, ইজারাগ্রহীতা এমন কোনোভাবে ইজারাকৃত স্থানটি ব্যবহার করবেন না যা অন্য কোনো ইজারাগ্রহীতা বা দখলদারের জন্য বিরক্তি বা অসুবিধার কারণ হয়। সহযোগী এবং/অথবা অঙ্গপ্রতিষ্ঠান ছাড়া অন্য কারও কাছে ইজারাগ্রহীতা ইজারাকৃত স্থান বা এর কোনো অংশ উপ-ইজারা দিতে পারবেন না এবং অন্য কাউকে এটি ব্যবহারের অনুমতিও দিতে পারবেন না। ইজারাগ্রহীতা প্রয়োজন অনুযায়ী ভবনের অভ্যন্তরীণ সাজসজ্জা করতে পারবেন, তবে ভবনের মূল কাঠামো পরিবর্তন করার অনুমতি তাদের নেই। যেকোনো উল্লেখযোগ্য পরিবর্তনের জন্য ইজারাদাতার লিখিত অনুমোদন প্রয়োজন। বাড়িটির রক্ষণাবেক্ষণ ও দেখাশোনার দায়িত্ব ভাড়াটিয়ার তবে বড় ধরনের মেরামতের দায়িত্ব বাড়ির মালিকের। ভাড়াটিয়া কোনো সাব-লেট (উপ-ভাড়া) দিতে পারবেন না বা কোনো তৃতীয় পক্ষকে ভাড়া দিতে পারবেন না।’ তবে গত শনিবার হামলার সময়ে দেখা যায়- ওই ভাড়া নেয়া ৫ হাজার বর্গফুটের বাসাটিতে সালমান মুক্তাদির তার স্টুডিও তৈরি করেছেন। যেখানে স্ট্যাম্পে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে- ‘তৃতীয় পক্ষকে ভাড়া দিতে পারবেন না।’ সেদিন ঘটনার পর সালমান মুক্তাদির নিজে গণমাধ্যমে বলেন— ‘যারা হামলা করেছে তারা জানে না এটা আমার স্টুডিও। জানলে তারা এটা করতো না।’
পল্টন থানার এক জুলাই হত্যা মামলার (সিআর মামলা নং ৭০৪/২০২৫) নথিতে দেখা যায় নিউগিনি প্রপার্টিজের মালিক নাজিম উদ্দিন ভূঁইয়া ২৪৭ নম্বর আসামি। আর এই আওয়ামী লীগ নেতাকে জুলাই হত্যা মামলা থেকে সুরক্ষা দিতে এসএম রিফাত মেনন ওই ফ্ল্যাট ভাড়া নেন। এর পুরোটাই জানতেন সালমান মুক্তাদির। আর এই জন্যই ঘটনার দিন সালমান মুক্তাদির নিজে বলেছিলেন— ‘আমার এই প্রপার্টির মালিক আওয়ামী লীগ করতেন। তার কাছেই চাঁদা দাবি করা হয়েছে। আর সে জন্যই এই হামলা-ভাঙচুর চালানো হয়েছে।’
এদিকে সালমান মুক্তাদিরের সকল ব্যাংক হিসাবের তথ্য ও লেনদেনের বিবরণ চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বুধবার সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে দেশের বিভিন্ন ব্যাংকে পাঠানো এক ই-মেইল বার্তায় সালমান মুক্তাদিরের হিসাবের তথ্য, হিসাব খোলার ফরম (এওএফ), গ্রাহকের পরিচিতি-সংক্রান্ত তথ্য (কেওয়াইসি) ও হিসাব বিবরণী (স্টেটমেন্ট) দিতে বলা হয়েছে।
অন্যদিকে ঘটনার দিন থেকে চাঁদাবাজিকে কেন্দ্র করে হামলা হয়েছে বলে সালমান মুক্তাদির উল্লেখ করলেও বাস্তবে নিউগিনি প্রপার্টিজের পরিচালক মো. সাইফুল ইসলাম ভূঁইয়া যে মামলা করেছেন, তাতে জমি দখল ও পূর্বশত্রুতার জেরে হামলা চালানোর কথা বলা হয়। আর মামলায় আসামি করা হয় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনকে। অজ্ঞাতনামা আসামি করা হয় আরও ১৫০ থেকে ২০০ জনকে। মামলায় এখন পর্যন্ত গোলাম মহিউদ্দিন চৌধুরী ও কুষ্টিয়া-২ আসনের জামায়াতে ইসলামীর এমপি আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সবশেষ গতকাল দুপুর ২টা ৪৫ মিনিটে রাজধানীর সেগুনবাগিচার একটি বাসা থেকে মামলার অন্যতম আসামি মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন (৬৬)কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগের সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, নিউগিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় করা মামলায় ৪ নম্বর আসামি গোলাম মহিউদ্দিন। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।
