‘সত্য সুন্দর প্রকাশে, চ্যানেল আই আটাশে’— এ সেøাগানে ২৭ বছর পার করে ২৮ বছরে পদার্পণ করছে ‘চ্যানেল আই’। ১৯৯৯ সালের পহেলা অক্টোবর বাংলাদেশের প্রথম ডিজিটাল টেলিভিশন হিসেবে যাত্রা শুরু করে চ্যানেল আই। ঢাকায় বিটিভি’র সূচনা হয় ১৯৬৪ সালে। কিন্তু এদেশে টেলিভিশনের ইতিহাস যখন পঁয়ত্রিশের, ঠিক তখন ডিজিটাল চ্যালেঞ্জ মাথায় নিয়ে পথচলা শুরু করে ‘চ্যানেল আই’। স্লোগানেও নতুনত্ব, লোগোতেও অভিনবত্ব— সবকিছুই দেশাত্মবোধে পূর্ণ। চ্যানেল আইয়ের স্লোগান, ‘হৃদয়ে বাংলাদেশ’। বজ্রকঠিন দৃঢ় প্রত্যয় তাদের উচ্চারণে। লোগোতে লাল-সবুজ। হৃদয়ে মুক্তিযুদ্ধ
আর লাখো শহীদের দৃপ্ত শপথ। দীর্ঘ এই পথচলায় টেলিভিশন জগতের অনুষ্ঠানে চ্যানেল আই নিয়ে এসেছে নান্দনিক পরিবর্তন। জন্ম দিয়েছে অসংখ্য আইকনিক অনুষ্ঠানের। মুক্তিযুদ্ধ প্রতিদিন, হৃদয়ে মাটি ও মানুষ, তৃতীয় মাত্রা, প্রকৃতি ও জীবন, গানে গানে সকাল শুরু, খুদে গানরাজ, লাক্স-চ্যানেল আই সুপারস্টার, আই স্পোর্টস, কৃষকের ঈদ-আনন্দ এমন অভিনব আয়োজনের শেষ নেই।
বিশেষ দিন মানেই চ্যানেল আই। দিনটি উপলক্ষে চ্যানেল আইয়ের পর্দা জুড়ে এবং চ্যানেল আই প্রাঙ্গণে থাকবে বর্ণাঢ্য আয়োজন। এ ধারাবাহিকতায় চ্যানেল আইয়ের পর্দায় ৩০শে সেপ্টেম্বর বিকাল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘মনিবিস্কুট-চ্যানেল আই পুষ্টি আড্ডা’। উপস্থাপনায় ইফাতারা ইরা এবং পরিচালনা করেছেন স্বপ্না রেজা। ওইদিন বিকাল ৫টা ০৩০ মিনিটে প্রচার হবে পুনম প্রিয়াম-এর পরিচালনায় ‘চেনামুখ দুঃখ-সুখ’র বিশেষ পর্ব ‘ডিজিটাল নবাব’। অভিনয়ে ফেরদৌস ওয়াহিদসহ অনেকে। বিকাল ৫টা ৫৫ মিনিটে প্রচার হবে কেকা ফেরদৌসীর উপস্থাপনা ও পরিচালনায় ‘ভিম দেশ-বিদেশে রান্না’র বিশেষ পর্ব।
১লা অক্টোবর রাত ১টায় এবং সকাল ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে বিশেষ ‘তৃতীয় মাত্রা’। উপস্থাপনা করবেন জিল্লুর রহমান। সকাল ৭টা ৪০ মিনিটে স্টুডিও থেকে প্রচার হবে ‘গান দিয়ে শুরু’র বিশেষ পর্ব। সকাল ৯টা ৩০ মিনিটে রয়েছে সংবাদপত্র নিয়ে অনুষ্ঠান ‘সংবাদপত্রে বাংলাদেশ’। সকাল ১১টা ০৫ মিনিট থেকে চ্যানেল আই চেতনা চত্বরে দিনব্যাপী উৎসব উদ্যাপনের নানা আয়োজন নিয়ে সরাসরি সম্প্রচার হবে ‘সত্য সুন্দর প্রকাশে, চ্যানেল আই আটাশে’। দুপুর ১২টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ পর্ব ‘তারকা কথন’। বিকাল ৩টা ০৫ মিনিটে ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার আবদুল্লাহ মোহাম্মদ সাদ নির্মিত ‘রেহানা মরিয়ম নূর’। রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, স্বর্ণলতা অভিনীত বিশেষ নাটক ‘বউ চা’। ১লা অক্টোবর রাত ৯টা ৩৫ মিনিটে এবং ২রা অক্টোবর সকাল ১১টা ৩০ মিনিটে প্রচার হবে শাইখ সিরাজের উপস্থাপনা ও পরিচালনায় বিশেষ অনুষ্ঠান ‘মেমোরি রিওয়াইন্ড’।
রাত ১০টা ২০ মিনিটে প্রচার হবে মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান ‘চ্যানেল আইয়ের সাথে সবুজের পথে’। রাত ১২টায় প্রচার হবে ‘আজকের সংবাদপত্র’। অংশগ্রহণে চ্যানেল আইয়ের পরিচালনা পর্ষদ সদস্য শাইখ সিরাজ, মুকিত মজুমদার বাবু এবং জহির উদ্দিন মাহমুদ মামুন। ২রা অক্টোবর রাত ১০টা ৩০ মিনিটে এবং ৩রা অক্টোবর সকাল ১১টা ৩০ মিনিটে প্রচার হবে শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় এআই নিয়ে বিশেষ আয়োজন ‘ন মানব’।
