মরক্কোয় প্রথম নারী প্রধানমন্ত্রী

মরক্কোয় প্রথম নারী প্রধানমন্ত্রী

ফন্ট সাইজ:

ঐতিহাসিক এক সিদ্ধান্ত নিয়েছেন মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ। তিনি দেশে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ফাতিমা এজ্জাহরা এল মানসৌরিকে নিয়োগ দিয়েছেন। আরব বিশ্বে প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়া দ্বিতীয় নারী তিনি। এর আগে তিউনিসিয়ায় নাজলা বৌদেন ২০২১ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। মঙ্গলবার রাজপ্রাসাদ এক বিবৃতিতে জানিয়েছে, ৫০ বছর বয়সী নগর পরিকল্পনামন্ত্রী ও মারাকেশের মেয়র এল মানসৌরিকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেয়া হয়েছে। টেলিভিশনে দেয়া এক ভাষণে নিজের নিয়োগকে ‘সত্যিই ঐতিহাসিক’ বলে বর্ণনা করেছেন এল মানসৌরি।

তিনি বলেন, আমাদের দেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী সরকার পরিচালনার দায়িত্ব নিচ্ছেন। এটি শুধু আমার জন্য নয়, মরক্কোর সব নারীর জন্যই গর্বের বিষয়। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

গত সপ্তাহের নির্বাচনের ফল ঘোষণা হওয়ার চার দিন পর এল মানসৌরিকে প্রধানমন্ত্রী নিয়োগ দেয়া হলো। ওই নির্বাচনে রাজতন্ত্রঘনিষ্ঠ অথেনটিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি (পিএএম) সবচেয়ে বেশি ভোট পেয়ে ৩৯৫ আসনের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ৯৭টি আসন পেয়েছে। তবে একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১৯৮টি আসন থেকে অনেক পিছিয়ে রয়েছে পিএএম। ফলে সরকার গঠনের জন্য দলটিকে জোট করতে হবে। প্রধানমন্ত্রী হিসেবে এল মানসৌরির প্রথম কাজ হবে এই জোট গঠন করা।
রাজা ষষ্ঠ মোহাম্মদের বন্ধু ফুয়াদ আলি এল হিম্মা ২০০৮ সালে পিএএম প্রতিষ্ঠা করেন। দলটি সব রাজনৈতিক দলের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। তবে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (পিজেডি) এবং ফেডারেশন অব ডেমোক্রেটিক লেফটসহ কয়েকটি দল জানিয়েছে, তারা বিরোধী দল হিসেবেই থাকবে। এই সরকার গঠনকারী জোটই ২০৩০ সালের ফিফা বিশ্বকাপ সামনে রেখে বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগের অর্থ বরাদ্দ নির্ধারণ করবে। ২০৩০ সালের বিশ্বকাপের প্রধান আয়োজক দেশ হবে মরক্কো, পর্তুগাল ও স্পেন।

উল্লেখ্য, ১৯৭৬ সালে মারাকেশে জন্ম নেয়া এল মানসৌরি আইন বিষয়ে পড়াশোনা করেছেন। ফ্রান্সের মঁপেলিয়ে বিশ্ববিদ্যালয় থেকে তিনি অ্যাডভান্সড স্টাডিজে ডিপ্লোমা অর্জন করেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে অ্যাংলো-স্যাক্সন ব্যবসায়িক আইনে ডিপ্লোমা করেছেন। স্থানীয় সরকারে তার রাজনৈতিক পথচলা শুরু হয় বেশ আগে। ২০০৯ সালে তিনি মারাকেশের মেয়র নির্বাচিত হন।

এর মধ্য দিয়ে শহরটির প্রথম নারী মেয়র হওয়ার ইতিহাস গড়েন তিনি। প্রথম মেয়াদ শেষ হওয়ার পর ২০২১ সালের নির্বাচনের মাধ্যমে তিনি আবার মারাকেশের পৌর পরিষদের নেতৃত্বে ফিরে আসেন। একই সঙ্গে ধারাবাহিক কয়েকটি মেয়াদে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সদস্য নির্বাচিত হয়ে সংসদীয় অভিজ্ঞতাও অর্জন করেন। ২০২১ সালের অক্টোবরে এল মানসৌরি জাতীয় সরকারে যোগ দেন। তাকে জাতীয় ভূখণ্ড পরিকল্পনা, নগর উন্নয়ন, আবাসন ও নগর নীতি মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়। তার দায়িত্ব পালনের সময়ে এই মন্ত্রণালয়ের আওতায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসে। এর মধ্যে ছিল সরাসরি আবাসন সহায়তা কর্মসূচি, নগর পরিকল্পনা ও ভূখণ্ড উন্নয়ন সংক্রান্ত সংস্কার এবং আল হাউজ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উদ্যোগ।