২০২৭ সালের হজ মৌসুমকে সামনে রেখে হজযাত্রীদের জন্য ‘অল-ইনক্লুসিভ প্যাকেজ’ চালুর ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় নতুন এই পদক্ষেপ নিয়েছে। এর আওতায় বিভিন্ন দেশের হজ এজেন্সিগুলো একটিমাত্র ডিজিটাল চুক্তির মাধ্যমে হজযাত্রীদের আবাসন, পরিবহন, খাবার এবং পবিত্র স্থানগুলোর সার্বিক সেবার বন্দোবস্ত করতে পারবে। সৌদি আরবে আগাম প্রস্তুতির অংশ হিসেবে এই ব্যবস্থা চালু করা হয়েছে। এ খবর দিয়েছে আরব নিউজ।
হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, পূর্ববর্তী বছরগুলোতে এজেন্সিগুলোকে পৃথক পৃথক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলাদা চুক্তি করতে হতো। তবে নতুন নিয়মে হাজীদের আগমন থেকে শুরু করে নিজ দেশে ফেরা পর্যন্ত সব প্রয়োজনীয় সেবা একটি একক ইলেকট্রনিক (অনলাইন) আবেদনের মাধ্যমেই সম্পন্ন করা যাবে। এতে প্রক্রিয়াগুলো যেমন সহজ হবে, তেমনি এজেন্সি ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্বচ্ছতা বাড়বে এবং জবাবদিহিতা নিশ্চিত হবে। এই প্যাকেজে মক্কা ও মদিনায় আবাসন, অভ্যন্তরীণ যাতায়াত, খাবার ও মিনা-আরাফাত-মুজদালিফার মতো পবিত্র স্থানগুলোর মৌলিক সেবা অন্তর্ভুক্ত থাকবে। এ ছাড়া এজেন্সিগুলো চাইলে অতিরিক্ত বা বিশেষ চাহিদাসম্পন্ন সেবাও যুক্ত করতে পারবে।
সৌদি সরকারের ‘ভিশন ২০৩০’ এবং ‘পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম’-এর অংশ হিসেবে সেবার এই আধুনিকায়ন করা হচ্ছে। এটি পরিচালিত হবে ডিজিটাল প্ল্যাটফরম ‘নুসুক মাসার’-এর মাধ্যমে। পরিসংখ্যান অনুযায়ী, সৌদিতে হজ পালনকারীদের সিংহভাগই আসেন বিশ্বের অন্যান্য দেশ থেকে। গত মৌসুমে মোট ১৭ লাখ ৭ হাজারের বেশি হাজীর মধ্যে ১৫ লাখ ৪৬ হাজারের বেশি ছিলেন বিদেশি। হজ ও ওমরাহযাত্রীদের সর্বোচ্চ সন্তুষ্টি নিশ্চিত করা এবং ২০৩০ সালের মধ্যে ওমরাহ পালনকারীর সংখ্যা ৩ কোটিতে উন্নীত করার লক্ষ্যেই এসব সংস্কার কার্যক্রম হাতে নিচ্ছে দেশটি।
