শিয়ালের টানাটানিতে বেরিয়ে এলো নিখোঁজ যুবকের ক্ষত-বিক্ষত লাশ

শিয়ালের টানাটানিতে বেরিয়ে এলো নিখোঁজ যুবকের ক্ষত-বিক্ষত লাশ

ফন্ট সাইজ:

কুষ্টিয়ার দৌলতপুরে নির্জন মাঠের সড়কের পাশে ঘাস দিয়ে ঢেকে রাখা রাজা বিশ্বাস (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের শরীরের বিভিন্ন অংশে শিয়ালে খাওয়া ক্ষত-বিক্ষত অবস্থা লক্ষ্য করা গেছে। বুধবার সকাল ৭টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর তালতলা মাঠে সড়কের পাশ থেকে নিহত যুবকের লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবক রাজা একই ইউনিয়নের পিয়ারপুর গ্রামের আব্দুর রাজ্জাক আলী বিশ্বাসের ছেলে। গত ২৮শে সেপ্টেম্বর সন্ধ্যা থেকে সে নিখোঁজ ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্থানীয় কৃষক সানাউল্লাহ মাঠে কাজ করতে যাওয়ার সময় নির্জন সড়কের পাশে কয়েকটি শিয়ালকে একটি বস্তু টানাটানি করতে দেখেন। তিনি কাছে এগিয়ে গেলে শিয়ালগুলো পালিয়ে যায়।

পরে তিনি সেখানে ঘাস ও খড় দিয়ে ঢাকা অবস্থায় এক ব্যক্তির লাশ দেখতে পান। লাশটির মুখ ও শরীরের বিভিন্ন অংশে শিয়ালে ক্ষতবিক্ষত করার দৃশ্য দেখে সানাউল্লাহ চিৎকার দিলে মাঠে কাজ করা আশপাশের অন্য কৃষকরা ঘটনাস্থলে ছুটে যান। খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। তবে লাশটি বিকৃত হওয়ায় সেসময় তার পরিচিয় নিশ্চিত হতে পারেনি কেউ। পরে লাশ শনাক্তে ঝিনাইদহ থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিন টিমকে তলব করা হলে তারা নিশ্চিত করেন দু’দিন আগে নিখোঁজ হওয়া যুবক রাজার লাশ। লাশের পরিচয় নিশ্চিত হওয়ার পর দৌলতপুর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন। তবে মৃত্যুর কারণ নিশ্চিত করতে না পারলেও এটি হত্যাকাণ্ড কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে দৌলতপুর পুলিশ।

নিহত যুবকের লাশ উদ্ধারের বিষয়ে পিয়ারপুর ইউনিয়নের সদস্য জনি জোয়ার্দার জানান, গত ২৮শে সেপ্টেম্বর সন্ধ্যায় রাজা নিখোঁজ হলে পরদিন রাজার পিতা ও আমি দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করি। বুধবার তার লাশ উদ্ধার হলো। দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান বলেন, মরদেহের মুখমণ্ডলসহ শরীরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিচয় শনাক্তের পর মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে ভেড়ামারা-দৌলতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, সিআইডি টিমের সহযোগিতায় মরদেহটি রাজা নামে একজনের পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহ মর্গে প্রেরণ করা হয়। প্রাথমিকভাবে এটা হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।