টানা পাঁচ দিন বর্ষণের পর থামলো বৃষ্টি। নাগোয়ার আকাশে অবশেষে ঝলমলে রোদ, আর সেই আলোতেই যেন স্বস্তির নিঃশ্বাস বাংলাদেশ শিবিরে। এতদিন বৃষ্টির বাধায় অনুশীলন তো দূরের কথা, ম্যাচও খেলতে পারেনি লিটন দাসের দল। সেখানে গতকাল কোরোগি স্পোর্টস পার্কে ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে ঘাম ঝরিয়ে প্রস্তুতি সেরেছেন ক্রিকেটাররা। চার দিন পর মাঠে পূর্ণাঙ্গ অনুশীলন করতে পেরে স্বস্তি ফিরেছে তাদের মাঝেও। অনুশীলন শেষে সেই স্বস্তির কথাই জানালেন ইয়াসির আলী রাব্বি। এশিয়ান গেমস ক্রিকেটে আজ সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। খেলা শুরু বাংলাদেশ সময় ভোর ৬টায়। ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল শুরু হবে দুপুর ১১টায়। নাগোয়ার বৃষ্টিতে বাংলাদেশের চিন্তিত হওয়ার কারণ আছে। সেমিফাইনালে বৃষ্টিতে খেলা পণ্ড হলে আইসিসি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দল ফাইনালে পৌঁছবে। সেক্ষেত্রে বিদায় নিতে হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে।
এবারের এশিয়ান গেমসে আশা জাগিয়েও শেষ পর্যন্ত হতাশ করেছে কাবাডি। আরচারিও পারেনি পদকের প্রত্যাশা মেটাতে। দলীয় কোন্দল আর বাজে পারফরম্যান্সে নারী ক্রিকেটেও পদক হাতছাড়া হয়েছে। এখন ভরসা হয়ে দাঁড়িয়ে আছে পুরুষ ক্রিকেট। এশিয়াডে পদকের প্রত্যাশায় শক্তিশালী দল নিয়ে নাগোয়ায় পৌঁছেছে বাংলাদেশ। বৃষ্টি মাথায় নিয়েই শুক্রবার এখানে পৌঁছান লিটন-মোস্তাফিজরা। এরপর থেকেই হোটেলবন্দি ছিল ক্রিকেট দল। রোববার ও সোমবার মাঠে এলেও বৃষ্টির বাধায় সেভাবে অনুশীলন করতে পারেনি। মঙ্গলবার বৃষ্টির কারণে মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালও পরিত্যক্ত হয়। ফলে সেমিফাইনাল নিয়েও তৈরি হয় শঙ্কা। তবে গতকালের রোদ সেই শঙ্কা অনেকটাই দূর করেছে। আজ পাহাড়ঘেরা নিশিন শহরের করোগি স্পোর্টস পার্কে ম্যাচটা হলে অন্তত জয়ের জন্য ঝাঁপাতে পারবে বাংলাদেশ। আর কোয়ার্টার ফাইনালের মতো বৃষ্টিতে ম্যাচ পণ্ড হলে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সরাসরি ফাইনালে চলে যাবে পাকিস্তান।
তাইতো খেলতে মুখিয়ে থাকা বাংলাদেশ দলের ব্যাটার ইয়াসির আলী রাব্বি কোরোগি স্পোর্টস পার্কে অনুশীলন শেষে বলেন, ‘দেখেন, এখানে আসার পর বৃষ্টির কারণে আমরা ঠিকঠাক অনুশীলন করতে পারিনি। ম্যাচটাও খেলতে পারিনি। তবে আজকের আবহাওয়া দেখে ভালো লাগছে। এখানে আজই প্রথম রোদ দেখলাম। আশা করি কালকেও ভালো একটা আবহাওয়া পাবো। ভালো একটা ম্যাচ হবে আশা করছি।’
হাংঝু এশিয়ান গেমসের দলেও ছিলেন ইয়াসির আলী রাব্বি। শেষ ওভারে তার ব্যাটিংয়ে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ। এবার অবশ্য সেমিফাইনালেই সেই পাকিস্তানকে পেয়েছে তারা। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে দল। অসুস্থতার কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন দলের অন্যতম সিনিয়র ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত। শান্তর অনুপস্থিতি নিয়ে রাব্বি বলেন, ‘এটা আনফরচুনেট। ওকে চলে যেতে হচ্ছে। আমাদের সামনে এগোতে হবে। ব্যাটিং অর্ডার যা আছে, আমাদের এগিয়ে যেতে হবে।’
বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল এখনো জাপানে ম্যাচ খেলেনি। তাই সেমিফাইনালের আগে উইকেটও ছিল কৌতূহলের বিষয়। আজ উইকেট দেখে রাব্বি বলেন, ‘উইকেট দেখেছি, ভালোই। আশা করি ভালো উইকেটেই আমরা খেলবো।’
বাংলাদেশ পূর্ণ শক্তির দল পাঠালেও পাকিস্তান পূর্ণাঙ্গ জাতীয় দল দেয়নি। তবে প্রতিপক্ষকে খাটো করে দেখছেন না রাব্বি। তিনি বলেন, ‘নড়বড়ে দল বলবো না। তারাও ভালো দল। আমরা নিজেদের সেরাটা খেলতে চাই। যারা ভালো খেলবে, তারাই জিতবে। পরিকল্পনা তো সব ম্যাচ নিয়েই থাকে। আমরা আমাদের পরিকল্পনা নিয়েই নামবো।’
পাকিস্তানকে হারালে বাংলাদেশের অন্তত রৌপ্যপদক নিশ্চিত হবে। হারলে ব্রোঞ্জের জন্য লড়তে হবে। তাই সেমিফাইনালের গুরুত্বও কম নয়। ম্যাচের পরিকল্পনা নিয়ে রাব্বি অবশ্য বেশি কিছু বলতে চাননি। তিনি বলেন, ‘আমাদের সব সময় ইতিবাচক খেলা উচিত। বাকিটা আবহাওয়া ও উইকেটের ওপর নির্ভর করবে।’
এর আগে ২০১০ সালে গুয়াংজু এশিয়ান গেমসে সোনা জিতেছিল বাংলাদেশ। ২০১৪ সালে ইনচনে রুপা ও ২০২৩ সালে হাংঝুতে ব্রোঞ্জ জেতে তারা। এবার আইচি নাগোয়ার এশিয়াডে বাংলাদেশের একমাত্র পদকটি এসেছে উশুতে। ৫২ কেজি ওজন শ্রেণির ফাইটে কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ ডিসকোয়ালিফাই হওয়ায় সেমিতে পৌঁছে ব্রোঞ্জ নিশ্চিত হয় জিন্নাত আক্তারের। ২২ ডিসিপ্লিনে ২৬০ জনের বহরের জাপান সফরে এখন পর্যন্ত এটাই প্রাপ্তি বাংলাদেশের।
