ঘাটাইলে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

ঘাটাইলে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

ফন্ট সাইজ:

টাঙ্গাইলের ঘাটাইলে তামান্না ইসলাম তরী (১৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গতকাল ভোরে উপজেলার উত্তর খিলগাতী মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তরী উত্তর খিলগাতী গ্রামের প্রবাসী তোফাজ্জল হোসেনের মেয়ে। এ ঘটনায় ঘাতক স্বামী রোমানকে এলাকাবাসী গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। জানা যায়, সাত মাস আগে পারিবারিকভাবে তরীর বিয়ে হয় পার্শ্ববর্তী মধুপুর উপজেলার চাপারকোনা গ্রামের মোহাম্মদ রোমান মিয়ার সঙ্গে। রোমান আলোকদিয়া ইউনিয়নের চাপারকোনা গ্রামের তুলা মিয়ার ছেলে ও পেশায় ইন্টারনেট ব্যবসায়ী।

নিহতের মা মোসাম্মৎ সাহানাজ বেগম বলেন, পারিবারিকভাবে রোমানের সঙ্গে মেয়ের বিয়ের সময় সাত ভরি স্বর্ণসহ মোটা অঙ্কের নগদ টাকা যৌতুক দেয়া হয়। মাত্র সাত মাস আগে বিয়ে দিলেও বিয়ের সময় মেয়েকে দেয়া স্বর্ণ ও নগদ টাকা মোবাইলে জুয়া খেলে নষ্ট করে ফেলে। ফলে প্রায় সময় মেয়েকে বাড়ি থেকে টাকা নিয়ে দেয়ার জন্য চাপ প্রয়োগ করতো। আমরা টাকা না দিতে পারায় তরীকে নির্যাতন মারধর ও বকাঝকা করতো। মাঝখানে চার-পাঁচদিন মেয়ের কোনো খোঁজ না নিয়ে হঠাৎ মঙ্গলবার বিকালে জামাই রোমান আমার বাড়িতে আসে। বাড়িতে এসে তরীকে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করে। তবে তরী স্বামীর সঙ্গে যেতে অস্বীকৃতি জানালে আমার সামনেই তরীকে কয়েক দফা মারধর করে।

পরে তারা বাড়ির নিচতলার বেডরুমে গিয়ে ঘুমানোর উদ্দেশ্যে শুয়ে পড়ে। হঠাৎ মধ্যরাতে মেয়ের ঘরের ভেতর থেকে কান্নার শব্দ শুনতে পাই। পরে প্রতিবেশীদের সহযোগিতায় ঘরের দরজা ভেঙে রক্তাক্ত অবস্থায় মেয়েকে মেঝেতে পড়ে থাকতে দেখে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত মেয়েকে মৃত ঘোষণা করে। আমি মেয়ে হত্যার বিচার ফাঁসি দাবি করছি। ঘাটাইল থানার ওসি মোকসেদুর রহমান বলেন, অভিযুক্ত রোমানকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।