পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ সভাপতিসহ আটক ১৫

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ সভাপতিসহ আটক ১৫

ফন্ট সাইজ:

পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে দলটির সুজানগর উপজেলা সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবসহ ১৫ জন নেতাকর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে পাবনা শহরের আব্দুল হামিদ রোডের ইন্দিরা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ বলছে, মাইক্রোবাসে তারা শহরে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। পাবনা জেলা ডিবি’র ওসি আব্দুস সালাম জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা শহরে নাশকতার পরিকল্পনা করছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পাবনা সদর থানায় পাঠানো হয়েছে। আব্দুল ওহাব ছাড়া আটক অন্যদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি। এ নিয়ে ৫ই আগস্টের পর তৃতীয়বারের মতো পুলিশের হাতে আটক হলেন আব্দুল ওহাব। এর আগে ২০২৫ সালের ২রা ফেব্রুয়ারি সুজানগরের মথুরাপুর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। পরে পুলিশ ভ্যানে তোলার সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে জোরপূর্বক ছিনিয়ে নেন বলে পুলিশ জানায়। এ ঘটনায় আট পুলিশ সদস্য আহত হন। ঘটনার তিনদিন পর ৫ই ফেব্রুয়ারি আব্দুল ওহাবকে পুনরায় গ্রেপ্তার করা হয়।