শেরপুরের নালিতাবাড়ী শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রোকনুজ্জামান রুকনের বিরুদ্ধে অননুমোদিত বিদ্যুৎ সংযোগ ব্যবহারের অভিযোগে মামলা করেছে নালিতাবাড়ী বিদ্যুৎ বিভাগ। এ ঘটনায় ২ লাখ ২৪ হাজার টাকা জরিমানা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ কর্তৃপক্ষ। গত ২৭শে সেপ্টেম্বর ময়মনসিংহের বিদ্যুৎ আদালতে মামলাটি করা হয়। বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী শহরের আড়াইআনী বাজারে রোকনুজ্জামানের ব্যবসা প্রতিষ্ঠানে একটি প্রিপেইড বিদ্যুৎ সংযোগ ছিল। ওই মিটারে প্রায় ১৪ মাস রিচার্জ না করায় বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।
পরে সংযোগটি পরিদর্শনকালে বৈধ সংযোগের পাশাপাশি অননুমোদিত সংযোগ ব্যবহারের অভিযোগ পাওয়া যায়। নালিতাবাড়ী বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী আব্দুল মোমিন বলেন, পরিদর্শনে অননুমোদিত সংযোগ ব্যবহারের অভিযোগ পাওয়ায় বিধি অনুযায়ী জরিমানা নির্ধারণ করে মামলা করা হয়েছে। এদিকে গত ১৫ই সেপ্টেম্বর নিজের ফেসবুক অ্যাকাউন্টে রোকনুজ্জামান লেখেন, দরকার পড়লে রাস্তা চেঞ্জ করবো, কিন্তু নীতি চেঞ্জ করবো না। মামলার পর দেয়া আরেক স্ট্যাটাসে তিনি লেখেন, আমার ওপর বিদ্যুতের যে মামলাটি হয়েছে, তার বিপক্ষে আমি কথা বলতে চাই না।
তিনি নিজেকে বিদ্যুৎ বিভাগের একজন ছোট গ্রাহক উল্লেখ করে বলেন, বিষয়টি নিয়ে কথা বললে তার ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি হতে পারে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি প্রচারপত্রে রোকনুজ্জামানকে ৯ নম্বর মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চেয়ে তার পক্ষে দোয়া, সমর্থন ও ভোটপ্রত্যাশা করা হয়েছে। প্রচারপত্রে তাকে নালিতাবাড়ী শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবেও উল্লেখ করা হয়েছে। মামলায় আনা অভিযোগের সত্যতা ও দায় আদালতের আইনগত প্রক্রিয়ায় নির্ধারিত হবে।
