রূপগঞ্জে হাত-পা বাঁধা অটোচালকের মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল নতুন শহর প্রকল্পের একটি ড্রেন থেকে হাত-পা বাঁধা অবস্থায় মুদ্দাসির নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে পূর্বাচলের ৯ নম্বর সেক্টর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মুদ্দাসির আড়াইহাজার উপজেলার বগাদি কান্দাপাড়া এলাকার হারুন উর রশিদের ছেলে। নিহতের চাচাতো ভাই মোমেন জানান, ভোররাতে আড়াইহাজার থেকে অটোরিকশায় কাপড়বোঝাই করে রূপগঞ্জের গাউছিয়া মার্কেটে নিয়ে আসার পথে নিখোঁজ হন মুদ্দাসির।

এরপর থেকে তার খোঁজ করছিল পরিবার। পরে সকালে পূর্বাচলের ৯ নম্বর সেক্টরে তার মরদেহ পাওয়ার খবর পান তারা। রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, নিহতের শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হাত-পা বেঁধে হত্যা করে মরদেহ সেখানে ফেলে অটোরিকশাটি নিয়ে যায়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।