টাইগ্রেসদের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার

টাইগ্রেসদের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার

ফন্ট সাইজ:

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডের সিরিজকে সামনে রেখে ১৪ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। আগামী ৯ই অক্টোবর ব্রিসবেনে এই সিরিজ শুরু হবে। অস্ট্রেলিয়ার মাটিতে এটি টাইগ্রেসদের প্রথম দ্বিপক্ষীয় সিরিজ।
সিরিজ শুরুর আগে ৬ই অক্টোবর ব্রিসবেনের ইয়ান হিলি ওভালে কুইন্সল্যান্ড নারী দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর অ্যালান বোর্ডার ফিল্ডে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে। ৯ই অক্টোবর প্রথম, ১১ই অক্টোবর দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে ১৪ই অক্টোবর। ওয়ানডে সিরিজ শেষে সিডনির নর্থ সিডনি ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া নারী দল।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেবেন সোফি মোলিন্যু। তবে হিপের চোট থেকে সদ্য ফেরা এই অধিনায়কের মাঠে থাকার বিষয়টি পর্যবেক্ষণে রাখবে দলের মেডিকেল স্টাফ। চোটের কারণে দলে জায়গা হয়নি পিঠের সমস্যায় ভোগা পেসার ডার্সি ব্রাউনের। কোয়াডের চোটে তরুণ পেসার লুসি হ্যামিল্টনও ছিটকে গেছেন ওয়ানডে সিরিজ থেকে। সিরিজটিকে বেশ গুরুত্ব দিচ্ছে অস্ট্রেলিয়া। দলটির নির্বাচক শন ফ্লেগলার মনে করেন, বাংলাদেশের বোলিং আক্রমণ তাদের ব্যাটারদের জন্য ভালো পরীক্ষা হবে। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির আগে উপমহাদেশীয় কন্ডিশন ও স্পিনের বিপক্ষে অভিজ্ঞতা অর্জনের সুযোগ হিসেবেও এই সিরিজকে দেখছে তারা। ফ্লেগলার বলেন, ‘বাংলাদেশ খুব ভালো একটি পরীক্ষা হবে, বিশেষ করে তাদের বোলিং আক্রমণের মানের কারণে। চ্যাম্পিয়নস ট্রফির আগে উপমহাদেশের কন্ডিশনে ব্যাটারদের অভিজ্ঞতা অর্জনের জন্যও এটি দারুণ সুযোগ।’

অস্ট্রেলিয়া দল: সোফি মলিনিউ (অধিনায়ক), নিকোলা ক্যারি, অ্যাশলেই গার্ডনার, কিম গার্থ, লুসি হ্যামিল্টন, আলানা কিং, ফিবি লিচফিল্ড, তাহলিয়া ম্যাকগ্রা, বেথ মুনি, এলিস পেরি, মেগান শাট, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ভল ও জর্জিয়া ওয়্যারহ্যাম।