শার্শায় ২৬টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

শার্শায় ২৬টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

ফন্ট সাইজ:

ভারতে পাচারের সময় যশোরের শার্শার বাগআঁচড়া এলাকায় অভিযান চালিয়ে ৭ কোটি ৬৭ লাখ টাকা মূল্যের ২৬ পিস স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় রিপন হোসেন (৪১) নামের এক পাচারকারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে স্বর্ণসহ তাদের আটক করা হয়। আটক রিপন শার্শা উপজেলার বসতপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। বিজিবি জানায়, মঙ্গলবার রাত ১০টায় গোপন সংবাদে তারা জানতে পারে স্বর্ণের বড় একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে বাগআঁচড়া বাজার এলাকায় বাবু সুপার মার্কেটের মধ্যে পাচারকারী অবস্থান করছে। এমন সংবাদে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধীনে রুদ্রপুর ক্যাম্পের বিজিবি’র একটি দল ওই মার্কেটে অভিযান চালিয়ে রিপন নামে এক পাচারকারীকে আটক করে।

পরে তার দেহ তল্লাশি করে ২৬ পিস স্বর্ণের বারসহ পাচারকাজে ব্যবহৃত দু’টি মোটরসাইকেল, দু’টি মোবাইল ফোন এবং ১টি স্মার্ট ঘড়ি জব্দ করা হয়। জব্দ করা স্বর্ণের ওজন ৩ কেজি ৪৩৮ গ্রাম। যার বাজারমূল্য ৭ কোটি ৬৭ লাখ টাকা। অন্যান্য মালামালসহ মোট সিজার মূল্য ৭ কোটি ৭২ লাখ টাকা বলে জানায় বিজিবি। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, আটক রিপনের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। স্বর্ণের বারগুলো সরকারি ট্রেজারি শাখায় জমা দেয়া হবে।