নেত্রকোণায় যুবদল নেতার মামলায় জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে

ফন্ট সাইজ:

নেত্রকোণার পূর্বধলায় কোরবানির পশুর হাটের ইজারা নিয়ে সংঘর্ষ, হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর ২৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তাদের মধ্যে পূর্বধলা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর জয়নাল আবেদিনও রয়েছেন। বুধবার নেত্রকোণার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের জন্য হাজির হলে আদালত তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে তারা উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছিলেন। অন্য নেতারা হলেন— ধলামূলগাঁও ইউপি চেয়ারম্যান রেজওয়ানুর রহমান, মো. নোবেল খান, মাহফুজুল হক উজ্জ্বল, মো. মাসুম আকন্দ, মো. সোহাগ মিয়া, মো. সাহাব উদ্দিন, মো. আল আমিন, মো. তাইজুল ইসলাম ও মো খোকন মিয়াসহ ২৫ জন নেতাকর্মী।
জানা গেছে, গত ২০শে মে জেলার পূর্বধলা উপজেলার কোরবানির পশুর হাটের ইজারা দেয়ার দিন ছিল। হাটের ডাককে কেন্দ্র করে ওই দিন উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে বিএনপি, যুবদল ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ ওঠে।

এ ঘটনায় আগিয়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ওমর শরীফ গত ২৫শে মে পূর্বধলা থানায় মামলা করেন। মামলায় পূর্বধলা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর জয়নাল আবেদিনসহ ৩৩ জনকে আসামি করা হয়। মামলার আসামিদের মধ্যে ২৫ জন পরে উচ্চ আদালত থেকে আগাম জামিন নেন। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষে বুধবার সকালে তারা নিম্ন আদালতে জামিনের জন্য হাজির হন। শুনানি শেষে আদালত তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, বিশেষ ক্ষমতা আইন ও প্যানেল কোডের ১৮৬০ ধারায় একটি মামলায় আসামিরা উচ্চ আদালতের জামিনে ছিলেন। গতকাল তারা আদালতে হাজির হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।