কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনের দায়ে আটক হয়ে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত উপজেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল হাই কায়সারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত মঙ্গলবার রাত ১১টার দিকে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নৈতিক স্খলনজনিত অপরাধে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে কুমিল্লা উত্তর জেলার আওতাধীন দেবিদ্বার উপজেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল হাই কায়সারকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। এতে আরও বলা হয়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতিমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। একইসঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেয়া হয়েছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় দেবিদ্বার উপজেলার শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে ইয়াবা সেবনের অভিযোগে আব্দুল হাই কায়সারসহ তিন যুবককে আটক করে পুলিশ।
পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আটক কায়সারকে ৭ হাজার টাকা জরিমানা ও সাতদিনের কারাদণ্ড দেয়া হয়। জরিমানার টাকা অনাদায়ে আরও ১৪ দিনের কারাদণ্ডের আদেশ দেয়া হয়। তিনি জরিমানার টাকা পরিশোধ না করায় মোট ২১ দিনের কারাদণ্ড ভোগের জন্য তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। আব্দুল হাই কায়সার (৫০) উপজেলার শ্রীপুর গ্রামের বজলুর রহমান মাস্টারের ছেলে ও দেবিদ্বার উপজেলা যুবদলের সহ-সভাপতি ছিলেন।
