শ্রীপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি

ফন্ট সাইজ:

গাজীপুরের শ্রীপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ঘরে থাকা প্রবাসীর স্ত্রী ও মেয়ের গলায় দা ধরে আলমারির চাবি নেয় ডাকাতরা। পরে ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা ও ইলেকট্রনিক্স সামগ্রী লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেছে পরিবারটি। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

কুয়েত প্রবাসী আমিরুল ইসলামের ওই বাড়িতে তার স্ত্রী ফারজানা, সন্তান ও মা পারভীন বেগম বসবাস করেন। প্রবাসীর স্ত্রীর ভাই রাসেল জানান, রাত ৩টার দিকে ৫ থেকে ৭ জনের একটি ডাকাতদল দেয়াল টপকে বাড়ির ভেতরে প্রবেশ করে। পরে তারা গেটের তালা কেটে বারান্দার গেটের তালা ভেঙে ঘরে ঢোকে। এ সময় ঘরের দরজা বাইরে থেকে আটকে দেয় ডাকাতরা। তিনি জানান, ঘুমিয়ে থাকা পারভীন বেগম জেগে উঠলে ডাকাতরা প্রথমে তার চোখ বেঁধে মারধর করে। তার চিৎকারে পাশের কক্ষে থাকা ফারজানা ও মারিয়ার ঘুম ভেঙে যায়। পরে ডাকাতরা তাদের গলায় দা ধরে আলমারির চাবি দিতে বলে। পরে আলমারি থেকে প্রায় আড়াই ভরি স্বর্ণালংকার ও নগদ ৪০ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া ঘরে থাকা বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রীও লুট করা হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে শ্রীপুর থানায় অভিযোগ করা হয়েছে।