উৎসবের আগে সালথায় আইন-শৃঙ্খলা নিয়ে কড়া বার্তা

ফন্ট সাইজ:

আসন্ন শারদীয় উৎসবকে সামনে রেখে ফরিদপুরের সালথায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব বিষয়ে আলোচনা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দবির উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ।

সভায় আরও উপস্থিত ছিলেন সালথা থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফিফা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা আহসানুল হাবিব আজাদ জনি, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান, সালথা প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি তরিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও ইউপি সচিবরা। সভাপতির বক্তব্যে ইউএনও মো. দবির উদ্দিন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। মাদক নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধের পাশাপাশি সংঘর্ষ এড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার উপর গুরুত্বারোপ করেন তিনি। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। এ ছাড়া আসন্ন শারদীয় উৎসবকে কেন্দ্র করে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।