বাংলাদেশ সেনাবাহিনীর জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে বান্দরবান সেনা রিজিয়নের পৃষ্ঠপোষকতায় আয়োজিত ফ্রিজ ও এসি মেরামত প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মেঘলায় আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেয়া হয়। গত ৬ই সেপ্টেম্বর শুরু হওয়া এ প্রশিক্ষণ কোর্সে মোট ১৯ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান রিজিয়নের রিজিয়ন কমান্ডার ও ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ মাহাতাব উদ্দিন পাটোয়ারী। প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীদের ফ্রিজ ও এসি মেরামত, রক্ষণাবেক্ষণসহ সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে তরুণরা আত্মকর্মসংস্থান ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন বলে আশা প্রকাশ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণদের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি হচ্ছে। এ ধরনের প্রশিক্ষণ স্থানীয় পর্যায়ে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার পাশাপাশি আত্মকর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশ সেনাবাহিনী দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি স্থানীয় জনগণের দক্ষতা উন্নয়ন, আত্মনির্ভরতা সৃষ্টি এবং জনকল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। বান্দরবানে ফ্রিজ ও এসি মেরামত প্রশিক্ষণ তারই ধারাবাহিকতার অংশ বলে সংশ্লিষ্টরা জানান। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেয়ার পাশাপাশি ভবিষ্যতে অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার জন্য তাদের উৎসাহিত করা হয়।
