কুমিল্লার চৌদ্দগ্রামে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়া দুই কিশোরীকে কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের চারদিন পর কক্সবাজারের সমুদ্রসৈকত এলাকার একটি হোটেল থেকে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। বুধবার দুপুরে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা পুলিশ সুপার আনিসুজ্জামান। উদ্ধার হওয়া দুই কিশোরী হলো চৌদ্দগ্রামের কাশিনগর এলাকার বসন্তপুর গ্রামের মহিন উদ্দিনের মেয়ে মাহিমা ইসলাম মাহি (১২) এবং যুগিরকান্দি গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে তানিসা আক্তার (১৪)।
জানা যায়, গত ২৪শে সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে মাহিমা ও তানিসা কাশিনগর এলাকার আল-আমিন মহিলা মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে নিজ নিজ বাড়ি থেকে বের হয়। তবে তারা মাদ্রাসায় পৌঁছায়নি এবং পরে বাড়িতেও ফিরে আসেনি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে চৌদ্দগ্রাম থানায় পৃথক দু’টি নিখোঁজ ডায়েরি করেন। বিষয়টি জানার পর কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় নিখোঁজ দুই কিশোরীর সন্ধানে তৎপরতা শুরু করে পুলিশ। তাদের উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়। এরপর চৌদ্দগ্রাম মডেল থানার একটি দল ও কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল সমন্বিতভাবে তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে বিভিন্ন মাধ্যমে অনুসন্ধান শুরু করে। একপর্যায়ে পুলিশ জানতে পারে, নিখোঁজ দুই কিশোরী কক্সবাজারে অবস্থান করছে।
পরে কক্সবাজার ডিবি পুলিশ অভিযান চালিয়ে সমুদ্রসৈকত এলাকার গ্রিন প্যারাডাইজ হোটেলের একটি কক্ষ থেকে দুই কিশোরীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। কুমিল্লা পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই কিশোরী পরিবারের সদস্যদের ওপর অভিমান করে স্বেচ্ছায় বাড়ি থেকে বের হয়ে কক্সবাজারে চলে যাওয়ার কথা জানিয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে উদ্ধার হওয়া দুই কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।
