সিলেটে কোর্ট পয়েন্টে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

ফন্ট সাইজ:

এক দফার দাবিতে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা এবার ক্যাম্পাস ছেড়ে নগরের কোর্ট পয়েন্টে বিক্ষোভ প্রদর্শন করেছে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন থেকে মুক্ত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির দাবি পূরণের জন্য তারা এ বিক্ষোভ করে। এদিকে আন্দোলনের কারণে আজও বন্ধ রয়েছে কলেজের ক্লাস, পরীক্ষা, ল্যাবসহ সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। বুধবার বিকাল থেকে নগরীর কোর্ট পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগানে স্লোগানে পুরো এলাকা উত্তাল করে তোলেন তারা।

শিক্ষার্থীরা জানান, জেলা প্রশাসন ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে একাধিক দফায় আলোচনা হলেও এখনো কোনো সুনির্দিষ্ট আশ্বাস পাওয়া যায়নি। লিখিত সিদ্ধান্ত না আসা পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। এর আগে আন্দোলনের তৃতীয় দিনে প্রশাসনিক ভবনে টানা প্রায় ৩৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর অধ্যক্ষসহ শিক্ষক-কর্মকর্তাদের মুক্তি দেন শিক্ষার্থীরা। তবে মুক্তি পেলেও তাদের ক্যাম্পাসের বাইরে যেতে দেয়া হয়নি। অধ্যক্ষসহ শিক্ষকরা ক্যাম্পাসেই অবস্থান করছেন এবং দফায় দফায় বৈঠক করছেন। শিক্ষার্থীরা মূল ফটকে তালা দিয়ে রাখায় প্রশাসনিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়ে। আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো শিক্ষক বা কর্মকর্তা ক্যাম্পাসের বাইরে যেতে পারবেন না এবং সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।