ধানের শীষ ও দাঁড়িপাল্লার হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা

বাগেরহাট ৪

ধানের শীষ ও দাঁড়িপাল্লার হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা

ফন্ট সাইজ:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ আসন (শরণখোলা-মোড়লগঞ্জ) নিয়ে গঠিত। এ আসনে ধানের শীষের প্রার্থী সোমনাথ দে, দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম, স্বতন্ত্র প্রার্থী হরিণ মার্কার কাজী খায়রুজ্জামান শিপন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী হাতপাখার ওমর ফারুক ও জাসদের প্রার্থী তারা মার্কার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খানসহ ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে ধানের শীষ ও দাঁড়িপাল্লার প্রার্থীরা দিনরাত ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন।
জানা গেছে, এবারের নির্বাচনে বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি’র কর্মী-সমর্থকরা দাবি করছেন গত ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে এ বছর নির্বাচন হচ্ছে তাই তারা আশা করছেন তাদের প্রার্থী সোমনাথ দে বিপুল ভোটে জয়লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হবেন। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার কর্মী-সমর্থকরা একই দাবি করে বলেন, সুষ্ঠু নির্বাচন হলে তাদের প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম এবার এমপি নির্বাচিত হবেন। বিভিন্ন এলাকা ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিগত দিনের নির্বাচনের চেয়ে এ বছর নির্বাচনে কিছুটা হলেও ভোটারদের কদর বেড়েছে। বিশেষ করে মহিলা ভোটারদের কাছে প্রার্থীর পক্ষের লোকেরা দিনরাত ধরনা দিয়ে যাচ্ছেন। এ ছাড়া মাইকে বিভিন্ন ধরনের মিউজিক বাজিয়ে প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছে তারা। এ ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রার্থী সোমনাথ দে বলেন, বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান যে প্রত্যাশা নিয়ে তাকে ধানের শীষের প্রার্থী দিয়েছেন তাতে তিনি আশা করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে কমপক্ষে ৫০ হাজার ভোট বেশি পেয়ে তিনি বিএনপি’র পক্ষ থেকে নির্বাচিত হবেন। তবে জামায়াতে ইসলামীর প্রার্থী ও তার কর্মী-সমর্থকের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন তা তিনি অস্বীকার করেন। তিনি বলেন, হেরে যাওয়ার ভয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম আগে থেকেই মিথ্যা অভিযোগ তুলছেন। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম বলেন, নির্বাচনের আগেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী সমর্থকরা তাদের ভোটারদের ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন জায়গায় বাধা প্রদর্শন করছেন। তবে সঠিকভাবে ভোট হলে তিনি বাগেরহাট-৪ আসন থেকে এমপি নির্বাচিত হবেন।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন