ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের তিনদিন পর উদ্ধার হওয়া শিশু মীম আক্তারের (৮) শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নান। বুধবার সকালে তিনি উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট বড়বাড়ি এলাকায় মীমের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান। পরিবারের কান্না ও আহাজারি শুনে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। এ সময় মীমের মৃত্যুর রহস্য দ্রুত উদ্ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশকে নির্দেশ দেন।
মীমের বাবাকে সান্ত্বনা দিয়ে এমপি বলেন, আপনারা নিজেদের একা মনে করবেন না, আমি আপনাদের ভাই। মীমের মতো একটি নিষ্পাপ শিশুকে এভাবে হারাতে হয়েছে— এটি অত্যন্ত হৃদয়বিদারক। দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মীম হত্যার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
এ সময় শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়ে মীমের বাবার জন্য চাকরির ব্যবস্থা করে দেয়ারও আশ্বাস দেন তিনি। উল্লেখ্য, গত ২১শে সেপ্টেম্বর বিকালে নিখোঁজের তিনদিন পর উপজেলার বিদ্যাকুট বড়বাড়ি এলাকার একটি পুকুরপাড়ের ঝোপঝাড় থেকে মীমের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মীম ওই এলাকার মিজান মিয়ার মেয়ে। এ ঘটনায় তার নানা ফিরুজ মিয়া নবীনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
