বিদ্যুতের তার ছিঁড়ে ধানক্ষেতে, বিদ্যুৎস্পৃষ্টে দুই বৃদ্ধের মৃত্যু

ফন্ট সাইজ:

ময়মনসিংহের ভালুকায় ধান ক্ষেতে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্টে দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার ভালুকা ইউনিয়নের খারুয়ালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— ওই গ্রামের আব্দুন আজিদ আকন্দের ছেলে সাহাব উদ্দিন আকন্দ (৫৯) ও মজিদ আকন্দের ছেলে ধনু আকন্দ (৬১)। তারা সম্পর্কে চাচাতো ভাই। ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিক বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে ধনু আকন্দ নিজের ধানক্ষেতে কীটনাশক ছিটাতে যান। ওই ধানক্ষেতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে ছিল।

তবে ধনু আকন্দ বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে থাকার বিষয়টি টের পায়নি। কীটনাশক ছিটানোর একপর্যায়ে ধনু আকন্দ বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে ধানক্ষেতে লুটিয়ে পড়ে। ধনু আকন্দ মাটিতে লুটিয়ে পড়ার বিষয়টি দূর থেকে দেখেন সাহাব উদ্দিন আকন্দ। তিনি দৌড়ে ধনু আকন্দের কাছে যেতেই তিনিও বিদ্যুৎস্পৃষ্টে মাটিতে লুটিয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই দু’জন মারা যায়। পরে স্থানীয়রা টের পেয়ে তাদের উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এসআই রফিক বলেন, নিহত দু’জনের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। তবে নিহতের স্বজন ও গ্রামবাসী মরদেহ ময়নাতদন্তে বাধা দিচ্ছেন। নিহতের স্বজনদের পক্ষ থেকে আবেদন করলে বিষয়টি বিবেচনা করে দেখা হবে বলেও জানান তিনি।